শিরোনাম
◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৬, ০২:৪৭ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২৬, ০২:৪৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’

মনিরুল ইসলাম : রাজধানীর অন্যতম নান্দনিক জলাধার ধানমন্ডি লেকের নাব্যতা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে বড় ধরনের সংস্কারকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যানের আওতায় পুনঃখনন, পানি শোধন, ওয়াকওয়ে আধুনিকায়ন, সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জার পাশাপাশি লেকের আদলে গড়ে তোলা হবে আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র ‘নজরুল সরোবর’।

মঙ্গলবার সকালে ধানমন্ডি লেকের পুনঃখননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এবং সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

ডিএসসিসি জানিয়েছে, মাস্টারপ্ল্যানের আওতায় মোট ৫০ কোটি টাকা ব্যয় হবে লেক ও সংশ্লিষ্ট অবকাঠামো সংস্কারে। আর ‘নজরুল সরোবর’ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা।

সরানো হবে সোয়া লাখ ঘনমিটারের বেশি স্লাজ

Advertisement

৩ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এবং গড়ে ৫৬ মিটার প্রশস্ত ধানমন্ডি লেকের তলদেশে দীর্ঘদিন ধরে জমে থাকা বিপুল পরিমাণ কাদা, বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। প্রকল্প অনুযায়ী প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ লেক থেকে তুলে ফেলা হবে।

প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননকাজ। প্রতিদিন গড়ে প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কাজে দুটি ভাসমান এক্সক্যাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। শুধু পুনঃখননকাজের প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ২৬ কোটি টাকা।

পানি শোধন ও ওয়াকওয়ে আধুনিকায়ন

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম জানান, লেকের তলদেশ পরিষ্কার করার পর পর্যায়ক্রমে পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জার কাজ করা হবে।

লেককেন্দ্রিক বিনোদন সুবিধা বাড়াতে শিশুদের জন্য স্পিডবোট চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাতসহ আশপাশের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

রবীন্দ্র সরোবরের আদলে ‘নজরুল সরোবর’

সংস্কার প্রকল্পের অন্যতম আকর্ষণ হবে ‘নজরুল সরোবর’। রবীন্দ্র সরোবরের আদলে এটি একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিনোদন ও নাগরিকদের অবসর কাটানোর সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে ডিএসসিসি। লেকের স্লাজ অপসারণ শেষ হওয়ার পর মূল সংস্কারকাজের পাশাপাশি ‘নজরুল সরোবর’ নির্মাণকাজও এগিয়ে নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ধানমন্ডি লেকের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা ছিল তাঁর নির্বাচনী অঙ্গীকার। প্রধানমন্ত্রীর অনুমোদিত দুটি প্রকল্পের প্রথম ধাপ হিসেবে লেকের স্লাজ অপসারণের কাজ শুরু হয়েছে। বিস্তারিত নকশা অনুযায়ী পর্যায়ক্রমে পুরো লেকের সংস্কার করা হবে।

ডিএসসিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে ধানমন্ডি লেক শুধু জলাধার হিসেবে নয়, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ উন্মুক্ত বিনোদন ও সাংস্কৃতিক পরিসর হিসেবেও নতুন রূপ পাবে বলে আশা করা হচ্ছে।