মোঃ রফিকুল ইসলাম মিঠু: গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর, আগারগাঁও, শ্যামলীসহ বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি স্টেশনসহ সব ধরনের গ্রাহকরা গ্যাস পাবেন না।
তিতাসের তথ্য অনুযায়ী, গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো—আগারগাঁও, তালতলার পশ্চিমাংশ, শেওড়াপাড়ার পশ্চিমাংশ, কাজীপাড়ার পশ্চিমাংশ, মিরপুর-১০ এর পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, শ্যামলী, মিরপুর ৬০ ফিট এবং পীরের বাগ। এছাড়া কল্যাণপুর থেকে মিরপুর-১ অভিমুখী সড়কের ডান পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত এলাকার আশপাশের এলাকাগুলোতেও এ সময় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।
উল্লেখ্য, পুরনো ও ক্ষতিগ্রস্ত পাইপলাইন এবং নিয়মিত সংস্কার কাজের জন্য মিরপুর, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় প্রায়শই গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। বর্তমানে তিতাসের আওতাধীন এলাকায় দৈনিক চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাসের চাপ কম থাকার অভিযোগ করছেন গ্রাহকরা।