এবারের দুর্গাপূজার ছুটি এক দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। ১৭ অক্টোবর শনিবার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
দুর্গাপূজায় এবার ২০ ও ২১ অক্টোবর ছুটি নির্ধারিত ছিল। এই ছুটির সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা, ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কল-কারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।