শিরোনাম
◈ মহেশখালী-মাতারবাড়ীতে ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের মহাপরিকল্পনা ◈ বিরাট কোহলিকে পরামর্শ দিতে গিয়ে যে জবাব পেয়েছিলেন সহকারী কোচ ◈ সাহ‌সিকতার স‌ঙ্গে সত্য বলায় উসমান খাজাকে ধন্যবাদ দিলেন ডে‌ভিড ওয়ার্নার ◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক নিয়োগ পরীক্ষায় বড় পরিবর্তন আসছে, নতুন পদ্ধতিতে যা থাকছে

বেসরকারি এমপিওভুক্ত প্রায় ৪০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরীক্ষা পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন পদ্ধতিতে প্রিলিমিনারির পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবর্তন আসতে পারে পরীক্ষার সিলেবাস, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টনেও। আগামী ডিসেম্বরে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। জানা গেছে, নতুন নিয়োগ পরীক্ষার জন্য তিন ধাপের মূল্যায়ন পদ্ধতির প্রস্তাব করা হয়েছে। এতে ১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা রাখা হতে পারে। তবে এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিধিমালা সংশোধনের পর পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস চূড়ান্ত করা হবে।

প্রিলিমিনারিতে চার বিষয়, থাকবে নেগেটিভ মার্কিং :প্রস্তাবিত পদ্ধতিতে প্রথম ধাপে ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। এতে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান-এই চার বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাওয়া যাবে। বিপরীতে ভুল উত্তরে কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। পাশ করতে কমপক্ষে ৪০ শতাংশ নম্বর পেতে হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণদের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এ পরীক্ষার জন্য সময় নির্ধারণের প্রস্তাব রয়েছে তিন ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। সব মিলিয়ে তিন ধাপে একজন প্রার্থীকে ২২০ নম্বরের মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে। তবে প্রস্তাবিত এ পদ্ধতি কার্যকর করতে বিধিমালা সংশোধন প্রয়োজন। সংশোধিত বিধিমালা অনুমোদন না হওয়া পর্যন্ত পরীক্ষার ধাপ, সিলেবাস ও নম্বর বণ্টনের কোনোটি চূড়ান্ত বলে বিবেচিত হবে না।

নিবন্ধন নয়, সরাসরি শিক্ষক নিয়োগ : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রচলিত পদ্ধতি বদলে যাচ্ছে। এতদিন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পৃথক প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ করা হচ্ছিল। এবার পরীক্ষার মাধ্যমে সরাসরি শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে এনটিআরসিএ। ফলে  আগের ধারাবাহিকতায় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হচ্ছে না। এর পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। এ পরিবর্তনের ফলে নিয়োগ প্রক্রিয়ার ধাপ কমার পাশাপাশি প্রার্থীদের একাধিকবার আবেদন ও পৃথক নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষার প্রয়োজনীয়তা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে নতুন ব্যবস্থায় নিয়োগের যোগ্যতা, বিষয়ভিত্তিক পদ, শূন্য পদের বিপরীতে প্রার্থী নির্বাচন এবং মেধা তালিকা তৈরির পদ্ধতি কী হবে, তা বিধিমালায় স্পষ্ট করা থাকবে।

ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের পরিকল্পনা: এনটিআরসিএ সূত্র জানিয়েছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা চলছে। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিষয়টি এখনো নিশ্চিত নয়। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পরীক্ষার তারিখসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। এনটিআরসিএর একজন শীর্ষ কর্মকর্তা বলেন, নতুন নিয়োগ পদ্ধতির প্রস্তাব তৈরির কাজ চলছে। খসড়া প্রস্তাব চূড়ান্ত হলে তা অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। জানা গেছে, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা পরিচালনা করছে কর্তৃপক্ষ। আগামী ৯ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে। এরপর শিক্ষক নিয়োগ পরীক্ষার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে ২০২৩ সালের ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ঐ পরীক্ষার প্রিলিমিনারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালের মার্চে। এরপর দীর্ঘ সময় নতুন নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। এবার সেই নিবন্ধন পরীক্ষার পরিবর্তে নতুন পদ্ধতিতে সরাসরি শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সূত্র : ইত্তেফাক 

  • সর্বশেষ