গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে রাজধানীর তাঁতীবাজারে প্রিজন ভ্যান থেকে পালিয়েছিলেন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজা (৩০)। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই ঘটনার একটি ভিডিও ফুটেজের কপি এসেছে।
ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৭ সেপ্টেম্বর তাঁতীবাজারের বংশাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এসে যানজটে পড়ে প্রিজন ভ্যানটি। এ সুযোগে বিকেল ৫টা ৫৮ মিনিটে ভ্যান থেকে নামেন পিচ্চি রাজা ও দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার।
ভিডিওতে আরও দেখা যায়, সাদা শার্ট ও কালো প্যান্ট পরে সবার আগে নেমে হাঁটতে থাকেন পিচ্চি রাজা। এরপর মেরুন রঙের টি-শার্ট পরে নামেন এসআই প্রবীর। তাদের সঙ্গে নামেন আরও একজন। তিনি ক্যামব্রিয়ান কলেজের প্রতিষ্ঠাতা খায়রুল বাশার। তাদের তিনজনের মুখেই মাস্ক পরা ছিল। পরে পিচ্চি রাজা ও এসআই প্রবীর সামনের দিকে হেঁটে গেলেও খায়রুলকে প্রিজন ভ্যানের চালকের পাশের আসনে বসতে দেখা যায় ফুটেজে।
এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন- এসআই প্রবীর, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন ও প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত শনিবার (৩ অক্টোবর) দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশের তদন্ত সূত্রে জানা গেছে, ২৭ সেপ্টেম্বর সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে বিকেলে কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যান থেকে নামিয়ে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে দেওয়া হয়। কিন্তু ভ্যানের পুলিশ সদস্যরা প্রথমে দাবি করেছিলেন, রাতে শৌচাগারে যাওয়ার কথা বলে ভ্যান থেকে তিনি কৌশলে পালিয়ে যান।
চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। জাগো নিউজ