শিরোনাম
◈ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো ◈ রাজধানীতে আগামীকাল ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ ◈ অটোগ্যাসে বড় মূল্যবৃদ্ধি, লিটারে বাড়ল প্রায় ১১ টাকা ◈ আখতারুজ্জামানের জামিন নাকচ, আদালত প্রাঙ্গণে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হাতাহাতি ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ ◈ দিল্লিতে রিয়াজ-জয়শঙ্কর বৈঠক, অমীমাংসিত সংকট নিরসনে আলোচনায় জোর ◈ তৃণমূলের রাজ্যসভা আসনে এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক ◈ ডেঙ্গুতে আরো ৬ প্রাণহানি, হাসপাতালে ২০৮৯

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬, ০৮:২২ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৬, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাই ইউপি চেয়ারম্যানের চ্যালেঞ্জের জবাবে যা বললেন এমপি

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাইয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিজের অনুসারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন। তাঁর দাবি, ধামরাইয়ে বিএনপির কোনো গ্রুপ নেই সংঘর্ষের ঘটনা কীভাবে ঘটেছে, তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে তদন্ত করে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল শনিবার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের পরদিন আজ রোববার এ বিষয়ে বক্তব্য দেন তমিজ উদ্দিন। তিনি বলেন, ঘটনার সময় তিনি অসুস্থ ছিলেন এবং তাঁর স্ত্রী হাসপাতালে থাকায় তিনি সেখানেই বেশি সময় কাটাচ্ছিলেন। সংঘর্ষের প্রকল্প বা কর্মসূচি সম্পর্কে তিনি বিস্তারিত জানতেন না। তবে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে তিনি জেনেছেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুলিশের অনুমতি ও অবগতির ভিত্তিতে সন্ত্রাসবিরোধী একটি কর্মসূচি করেছিলেন।

তমিজ উদ্দিন বলেন, ‘আমি ওসিকে বলেছিলাম, আপনি নিরপেক্ষভাবে বিষয়টি দেখেন। দেখার পরে বুঝব। এর মধ্যে শুনলাম, আমাদের পরীক্ষিত কিছু নেতা-কর্মী, যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিল, তাঁদের দু-একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে।’

advertisement

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, মিছিল শেষ হওয়ার সময় পেছন থেকে এসে মোটর সাইকেলের পাশে একজনের মাথায় আঘাত করা হয়েছে বলে তিনি শুনেছেন। এরপর দুই পক্ষের মধ্যে কিছু ঘটতে পারে। তবে এ ঘটনায় তিনি কারও নাম বলতে চান না।

তমিজ উদ্দিন বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থা তাদের মতো করে নিরপেক্ষভাবে বিষয়টি বের করুক।’

তিনি প্রশ্ন তোলেন, বিএনপি যখন সন্ত্রাস বিরোধী মিছিল করছে, তখন বিএনপির কোনো নেতা-কর্মী সেই মিছিলে হামলা করতে পারেন কি না। কারা এ ঘটনায় জড়িত, সেটি তদন্ত করে বের করার আহ্বান জানান তিনি।

‘ধামরাইয়ে বিএনপির কোনো গ্রুপ নেই’

ধামরাইয়ে তাঁর সঙ্গে ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদের অনুসারীদের বিরোধ এবং বিএনপিতে দুটি পক্ষ থাকার যে আলোচনা রয়েছে, তা নাকচ করেন তমিজ উদ্দিন।

তিনি বলেন, ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিএনপির কমিটি রয়েছে। অঙ্গসংগঠনেরও থানা পর্যায়ের কমিটি আছে এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিএনপির সংগঠন রয়েছে।

তমিজ উদ্দিন বলেন, ‘কোথায় গ্রুপ আছে, একটা লোক বের করেন। কমিটির মধ্যে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল, এমন একজন দেখান যে আমাদের বাইরে আছে।’

তিনি বলেন, যাঁরা দীর্ঘদিন বিএনপির আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাঁদের ভূমিকার প্রতি তাঁর সম্মান রয়েছে। তবে অঙ্গসংগঠনের কোনো নেতাকে এখনই বিএনপির নেতা হিসেবে বিবেচনা করা যায় না।

তমিজ উদ্দিনের ভাষ্য, ‘আমাদের নেতা যুবদল থেকে আগামী দিনে বিএনপির নেতা হবেন। তখন যদি গ্রুপ হয়, বলবেন বিএনপিতে দুইটা গ্রুপ। এখন তিনি আমার অঙ্গসংগঠনের নেতা, বিএনপির নেতা নন।’

‘আমি তাঁকে পছন্দ করি না’

ধামরাইয়ের রাজনীতিতে আলোচিত এক ব্যক্তির প্রসঙ্গে তমিজ উদ্দিন বলেন, ওই ব্যক্তি তাঁর রাজনৈতিক দলের কেউ নন। তাঁর দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন স্থাপনা দখলের অভিযোগ রয়েছে।

তমিজ উদ্দিন বলেন, ‘আমি তাঁকে পছন্দ করি না একদম। তাঁর বিষয়ে আমার কোনো নলেজও নেই। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের একজন সন্ত্রাসী, যার জীবনটাই পুরো সন্ত্রাসের মধ্য দিয়ে চলে এসেছে, চাঁদাবাজি করে এসেছে—তাকে নিয়ে কেন এত আলোচনা?’

তবে এসব অভিযোগের বিষয়ে ওই ব্যক্তির বক্তব্য এই বক্তব্যে পাওয়া যায়নি।

ওই ব্যক্তির সঙ্গে বিএনপির সম্পর্কের বিষয়ে তমিজ উদ্দিন বলেন, তিনি বর্তমানে বিএনপির কোনো কমিটির সদস্য নন। অতীতে তিনি যুবদলের একটি পদে ছিলেন বলে যে আলোচনা রয়েছে, সেটিও অনেক পুরোনো বিষয় বলে দাবি করেন তিনি।

তমিজ উদ্দিন আরও বলেন, দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ কেবল তখনই থাকে, যখন কেউ দলের সক্রিয় নেতা-কর্মী বা কোনো কমিটির সদস্য হন। তাঁর ভাষায়, ‘যে মানুষের বিএনপিতে কোনো অস্তিত্বই নেই, তার বিরুদ্ধে আমি কী ব্যবস্থা নেব?’

চাঁদাবাজির অভিযোগ প্রমাণের আহ্বান

নিজের বিরুদ্ধে বা তাঁর অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ থাকলে তা প্রমাণ করার আহ্বান জানিয়েছেন তমিজ উদ্দিন।

তিনি বলেন, ‘চাঁদাবাজি করেছে, একটা দেখিয়ে দেন। দেখিয়ে দিলে দেখেন, আমরা কী ব্যবস্থা নিই। আমি সব সময়ই খোলাখুলি বলি, আমার দল একেবারে নির্ভেজাল অবস্থায় থাকবে।’

তমিজ উদ্দিনের দাবি, ৫ আগস্টের পর তিনি ও তাঁর অনুসারীরা কোনো ধরনের দখল বা চাঁদাবাজির সঙ্গে যুক্ত হননি। তাঁর ভাষ্য, ‘দলের ক্ষমতা খাটিয়ে আজ পর্যন্ত একটা সন্ত্রাসী আমার কাছে আছে কি না, আপনারা বের করেন।’

মনোনয়ন ঘিরে প্রতিযোগিতার কথা স্বীকার

গত জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর সঙ্গে ইয়াসিন ফেরদৌস মুরাদের রাজনৈতিক প্রতিযোগিতার বিষয়টি উঠে এলে তমিজ উদ্দিন বলেন, মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরে পছন্দ-অপছন্দ ও প্রতিযোগিতা থাকা স্বাভাবিক।

তিনি বলেন, ‘অতীতে মনোনয়নের জন্য অনেকে প্রতিযোগিতা করেছেন, এটা স্বাভাবিক। দলের জন্য যার কথা আপনারা ইঙ্গিত করছেন, তাঁরও আন্দোলন-সংগ্রামে ভালো ও সক্রিয় ভূমিকা ছিল।’

তমিজ উদ্দিন বলেন, কে দলীয় মনোনয়ন পাবেন, তা দলের সিদ্ধান্তের বিষয়। এখন তাঁর লক্ষ্য দলকে শক্তিশালী করা।

তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের দল শক্তিশালী হোক। আমাদের প্রত্যেকের নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা একসঙ্গে কাজ করে যাব।’

সংঘর্ষের বিষয়ে যা জানা গেছে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টার দিকে ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় একটি পোশাক কারখানার কাছে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদী মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের কয়েকজন আহত হন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এক পক্ষ থানায় অভিযোগ করেছে। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, ওই এলাকায় একটি মিছিল চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে অন্তত চারজন আহত হয়েছেন।

এর আগে স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিছিলের শেষ পর্যায়ে তাঁদের একজন নেতা-কর্মীর ওপর হামলার পর সংঘর্ষের সূত্রপাত হয়। অপর পক্ষ থেকেও হামলার অভিযোগ করা হয়েছে।

  • সর্বশেষ