মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ধনাশী গ্রামে বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু করে সাফল্যের মুখ দেখছেন তরুণ উদ্যোক্তা সজিব ভূঁইয়া। পরীক্ষামূলক উদ্যোগ থেকে শুরু হওয়া তাঁর খামারে এখন থোকায় থোকায় ফলছে মাশরুম। নিজের স্বাবলম্বিতার পাশাপাশি খামারটিতে কর্মসংস্থান হয়েছে নিম্ন আয়ের ৮ থেকে ১০ জন মানুষের।
২০২৫ সালের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে মাশরুম চাষ শুরু করেন সজিব। দীর্ঘ এক যুগের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবায়নে বেছে নেন সম্ভাবনাময় এ কৃষি উদ্যোগ। বর্তমানে উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে খামারটি বাণিজ্যিক রূপ পেয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে মাশরুম উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাঁর।
সজিব বলেন, দেশের বাজারে মাশরুমের চাহিদা ও কদর রয়েছে। পুষ্টিগুণসমৃদ্ধ এ খাবারের চাহিদা বিভিন্ন রেস্তোরাঁতেও বাড়ছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের রেস্তোরাঁয় মাশরুম সরবরাহের সম্ভাবনা রয়েছে। তবে গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে উৎপাদন ব্যাহত হয়। শীত মৌসুমে তুলনামূলক ভালো ফলন পাওয়া যায়।
তিনি বলেন, একসময় গ্রামাঞ্চলে মাশরুম চাষের প্রচলন কম থাকলেও এখন শিক্ষিত বেকার তরুণদের মধ্যে এ চাষে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেকে এ উদ্যোগে যুক্ত হবেন।
নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, মাশরুম পুষ্টিকর খাবার এবং এতে চর্বির পরিমাণ কম। এটি দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা যায়। এসব খাবার জনপ্রিয় করতে কৃষি বিভাগ উদ্যোগ নিতে চায়।
তিনি আরও জানান, মাশরুম উৎপাদনে ব্যবহৃত স্পন মৌসুম শেষে অনেক ক্ষেত্রে অব্যবহৃত থাকে। সজিবের খামারে থাকা প্রায় ৪ হাজার ৫০০ স্পন ব্যবহার করে ট্রাইকোডার্মা-সমৃদ্ধ জৈবসার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ সার মাটির উৎপাদনশীলতা বাড়াতে এবং মাটিবাহিত রোগ দমনে ভূমিকা রাখতে পারে। এতে উদ্যোক্তার পাশাপাশি এলাকার কৃষকরাও উপকৃত হবেন।
কৃষি কর্মকর্তার মতে, মাশরুমের বাজার ও ভোক্তা—দুই-ই রয়েছে। পরিকল্পিতভাবে চাষ সম্প্রসারণ করা গেলে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং পুষ্টিকর খাবারের সহজলভ্যতা বাড়বে। সজিব ভূঁইয়ার উদ্যোগ সেই সম্ভাবনারই একটি ইতিবাচক উদাহরণ।