হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি ব্যারাকে না পড়ে পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ফরিদপুর শহরের ফরিদ শাহ সড়কে কোতোয়ালি থানার উত্তর পাশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা থানার সীমানাপ্রাচীর ঘেঁষে অবস্থিত দুইতলা বিশিষ্ট পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে ককটেলটি ছুড়ে মারে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি থানা-সংলগ্ন ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে গিয়ে পড়ে এবং বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই মার্কেটের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা যায়, যা দেখে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
থানার পাশের এক চা দোকানি লিটন সাহা জানান, রাত পৌনে ১০টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দোকান থেকে বেরিয়ে দেখতে পান, পৌর মার্কেটের সাত নম্বর দোকান ‘মা ইলেকট্রনিক’-এর বরাবর ওপরে টিনের ছাদ থেকে ধোঁয়া উঠছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে এলাকাটি পরিদর্শন করে।
এদিকে ঘটনার সময় থানার বিপরীত পাশে মহাকালীর মোড় এলাকায় অবস্থান করছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ। বিস্ফোরণের শব্দ শুনে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। তাঁর ধারণা, সড়কের অপর পাশে অবস্থিত ‘গৌড় গোপাল আঙিনা ট্রাস্ট’-এর মালিকানাধীন সাততলা ভবনের কোনো একটি তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে। পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিকট শব্দের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের শব্দ বেশ জোরালো হলেও ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের সুনির্দিষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।