চার দিন ধরে বরিশাল প্রধান ডাকঘরে টাকা তুলতে গিয়ে ফিরে আসছেন নগরীর দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা বাকেরা আহমেদ দীপা। সংসারের খরচ চালানোর জন্য আস্থার জায়গা হিসেবে পরিচিত পোস্ট অফিসে টাকা জমা রাখেন তিনি। প্রতি মাসে সেখান থেকে টাকা তুলে সংসারের খরচ চালান।
গত ১৮ নভেম্বর টাকা তুলতে বরিশাল প্রধান ডাকঘরে গেলে তাকে জানানো হয়, ইন্টারনেট সংযোগ চালু নেই। ঢাকায় সার্ভার সমস্যার কারণে লেনদেন বন্ধ রয়েছে। পরদিন আসতে বলা হয়। এরপর ১৯, ২০ ও সর্বশেষ ২২ নভেম্বর ডাকঘরে গিয়েও একই কারণে টাকা না পেয়ে ফিরে আসতে হয়েছে তাকে।
নগরীর দরগাহ বাড়ি থেকে ডাকঘরে আসা-যাওয়ায় গত চার দিনে যানবাহন বাবদ তার খরচ হয়েছে ৫০০ টাকা। সর্বশেষ দিনও ডাকঘর থেকে তাকে জানানো হয়, সার্ভার সচল হয়নি। এ কারণে কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব নয়। অন্য কোনও উপায়ে টাকা তোলা যায় কি না, জানতে চাইলে বলা হয়, সার্ভার সচল না হওয়া পর্যন্ত টাকা জমা বা উত্তোলন—কোনোটিই সম্ভব নয়। শুধু দীপা নন, প্রতিদিন গড়ে অর্ধশতাধিক গ্রাহক বরিশাল প্রধান ডাকঘরে এসে সার্ভার সমস্যার কারণে ফিরে যাচ্ছেন। ভোগান্তির কথা জানিয়ে তিনি বলেন, ‘চার দিন ঘুরেও ডাকঘরের সঞ্চয় ব্যাংক থেকে টাকা তুলতে পারছি না, এতে আমরা গ্রাহকরা বিপাকে পড়েছি।’
এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পেনশনভোগী পরিবারগুলো। এককালীন টাকা জমা রেখে সেখান থেকে পাওয়া লভ্যাংশে সংসারের খরচ চালান তাদের অনেকে। তারা কারও কাছ থেকে ঋণ নেন না, আবার কাউকে ঋণও দেন না। নিজেদের সঞ্চয় ও সামর্থ্য দিয়ে সংসার পরিচালনা করেন।
বরিশাল প্রধান ডাকঘরের সেভিংস ব্যাংকের সামনে অপেক্ষমাণ কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা গেছে, টাকা তুলতে না পারায় সংসার চালানো নিয়ে তারা মারাত্মক সমস্যায় পড়েছেন।
এমনই একজন বরিশাল প্রধান ডাকঘরের সাবেক পোস্টমাস্টার সালেহ উদ্দিন মিয়া। তার পেনশনের টাকা পোস্ট অফিসের সেভিংস ব্যাংকে জমা রয়েছে। সেখান থেকে পাওয়া লভ্যাংশ দিয়ে সংসার পরিচালনা করেন তিনি। কিন্তু চার দিন ধরে তার পরিবারের সদস্যরা টাকা তুলতে গিয়ে সার্ভার সমস্যার কারণে ফিরে আসছেন। সর্বশেষ দিনও পরিবারের এক সদস্য টাকা তুলতে গিয়ে সার্ভার সচল না থাকায় টাকা না পেয়ে ফিরে আসতে বাধ্য হন।
কবে নাগাদ সার্ভার সচল হবে, সে বিষয়ে ডাকঘর কর্তৃপক্ষও নির্দিষ্ট কোনও সময় জানাতে পারছে না। একেকজন একেক ধরনের কথা বলছেন। কেউ বলছেন, নতুন পে-স্কেল হয়েছে, এ কারণে সার্ভারে কাজ চলছে। আবার কেউ বলছেন, সার্ভার আপগ্রেড করা হচ্ছে। কবে টাকা তুলতে পারবেন, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। সবার একই কথা, সার্ভার সচল হলেই লেনদেন শুরু হবে।
টাকা উত্তোলনের পাশাপাশি টাকা জমা দিতে গিয়েও বিপাকে পড়েছেন গ্রাহকেরা। কয়েকজন মধ্যবিত্ত পরিবারের সদস্য জানান, পাঁচ দিন ধরে টাকা জমা দিতে পোস্ট অফিসে ঘুরছেন তারা। কিন্তু সেখানে টাকা জমা নেওয়া হচ্ছে না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানিয়েছেন, সার্ভার সচল না হওয়া পর্যন্ত টাকা জমা রাখা সম্ভব নয়।
এক নারী গ্রাহক বলেন, ‘নিরাপত্তার স্বার্থে কর্মকর্তাদের বলেছিলাম, ম্যানুয়ালি টাকা জমা রেখে আমাকে নিশ্চিন্তে ঘুমাতে দিন। কিন্তু তারা বলেন, আপনার ঘুম আমরা কীভাবে আটকালাম?’
নাম প্রকাশ না করার শর্তে ৬০ বছরের ওই বিধবা নারী জানান, তার ছেলে তাকে তিন লাখ টাকা দিয়েছেন। ওই টাকা পোস্ট অফিসে জমা রেখে প্রতি মাসে লভ্যাংশ দিয়ে চলার পরিকল্পনা করেছেন। ওই টাকা দিয়ে ওষুধ, তিন বেলার খাবার এবং প্রয়োজনে চিকিৎসকের খরচ চালাবেন। ব্যাংকের চেয়ে পোস্ট অফিসে তার আস্থা বেশি। এ কারণে সেখানে টাকা রেখে নিশ্চিন্তে থাকতে চান। তবে পরিচয় প্রকাশ হলে দুর্বৃত্তরা তাকে খুঁজে বের করে টাকা ছিনিয়ে নিতে পারে—এমন আশঙ্কায় নাম প্রকাশ করতে চাননি তিনি।
বরিশাল প্রধান ডাকঘরের সেভিংস ব্যাংকে কর্মরত একাধিক কর্মকর্তা জানান, শুধু বরিশাল নয়, সার্ভার সমস্যার কারণে সারা দেশে পোস্ট অফিসের সেভিংস ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সার্ভারে কী ধরনের কাজ চলছে, সে বিষয়ে তাদের জানা নেই। এ ব্যাপারে অফিস থেকেও কোনও নির্দেশনা বা বার্তা দেওয়া হয়নি। এতে সেভিংস ব্যাংকের পুরোনো গ্রাহকদের পাশাপাশি নতুন গ্রাহকেরাও ভোগান্তিতে পড়ছেন। নানা প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সেভিংস ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের। এর প্রভাব পড়েছে বরিশাল বিভাগের প্রধান ডাকঘর থেকে শুরু করে সাবপোস্ট অফিসগুলোতেও।
এ ব্যাপারে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল নাইম ইবনে রহমান বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেলের সঙ্গে কথা বলতে বলেন। বরিশাল প্রধান ডাকঘরের সহকারী পোস্ট মাস্টার জেনারেল মো. নছরউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহ থেকে ঢাকায় সার্ভারের সমস্যা থাকায় সেভিংস ব্যাংকের টাকা জমা ও উত্তোলন—কোনোটিই করা যাচ্ছে না। আমাদেরকেও কেন্দ্রীয় অফিস থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যেটুকু জানতে পেরেছি, আপগ্রেডের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। প্রতিদিন সেভিংস ব্যাংকের গ্রাহকেরা এসে ফিরে যাচ্ছেন। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সার্ভার সচল হবে এবং গ্রাহকদের সমস্যাও দূর হবে।’
সূত্র : বাংলা ট্রিবিউন