শিরোনাম
◈ পাসপোর্ট চেয়ে চিঠি: কে এই ব্রিটিশ আইনজীবী পওলস্, কেন লড়ছেন শেখ হাসিনার পক্ষে? ◈ মহাকাশে রহস্যময় গ্রহাণুর অস্বাভাবিক গতি, ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না বিজ্ঞানীরা! ◈ ফার্মগেট থেকে ঢাবি-জবি, রাজধানীতে বাসে আগুন ও ককটেল হামলার ঘটনায় উদ্বেগ; মেট্রো স্টেশনেও আতঙ্ক ◈ শত কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, ২২৬ কোটি টাকা আদায়ে ব্যাংকের আইনি নোটিশ ◈ নালিশ করায় বাড়িতে ঢুকে ছাত্রীকে কুপিয়ে জখম করল সহপাঠী, সিসিটিভিতে চাঞ্চল্যকর দৃশ্য ◈ টিকিট বিক্রির পৌনে সাতশ কোটি টাকা আয় হিসেবে দেখায়নি মেট্রোরেল!(ভিডিও) ◈ পাকিস্তানের রাওয়াল পি‌ন্ডি‌তে নারী সংবাদ উপস্থাপককে গুলি করে হত্যা ◈ মালয়েশিয়াকে ২০৫ রা‌নে হা‌রি‌য়ে যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে বাংলা‌দেশ ◈ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের বিল উত্থাপন সংসদে ◈ সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ খাতে বড় পরিবর্তন, সংসদে উঠল তিন অধ্যাদেশ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ সকাল
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফলন ভালো, ক্রেতা কম : পানির দরে বিক্রি হচ্ছে কলা

ভোরে ভ্যানভর্তি কলার কাঁদি নিয়ে চাষিদের গাইবান্ধার পলাশবাড়ীর দক্ষিণ বন্দর হাটে ছুটে আসা ছিল একসময় নিত্যদৃশ্য। ক্রেতা-বিক্রেতা ও পাইকারদের পদচারণায় জমজমাট থাকতো হাট। অথচ পাইকারদের সেই চেনা ভিড় এখন আর নেই। বাইরের জেলার পাইকাররা আসা বন্ধ করে দেওয়ায় পানির দরে কলা বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা।

এতে উৎপাদন খরচ তো দূরের কথা, পুঁজি হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা। ফলে লোকসানের ধাক্কা সামলাতে না পেরে ঐতিহ্যবাহী এই জনপদে কলাচাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা।

সংশ্লিষ্টরা জানান, জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর কলা চাষে বেশ উপযোগী। কলাচাষ একসময় অন্যান্য ফসলের তুলনায় লাভজনক ছিল। বর্তমানে কীটনাশক, সার ও শ্রমিকের খরচ বেশি। তাই লাভের মুখ দেখা তো দূরের কথা, পুঁজি তোলাই কঠিন হয়ে পড়ছে। বাধ্য হয়ে অনেকে কলাচাষ বাদ দিয়ে অন্যান্য ফসল চাষে ঝুঁকছেন।

জেলার পলাশবাড়ীর মেরিরহাট এলাকার কলাচাষি মোশারফ হোসেন জাগো নিউজ বলেন, ‘অন্যান্য ফসলের তুলনায় কলাচাষে খরচ কম লাভ বেশি। তাই এলাকার কৃষকরা কলাচাষ করেন। তবে বর্তমান বাজার খারাপ। হাটে পাইকাররা আসছেন না। তাই কম দামে কলা বিক্রি করতে হচ্ছে। এতে করে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না।’

Advertisement

গোবিন্দগঞ্জের কোমরপুরের কলাচাষি আব্দুস ছালাম বলেন, ‘কলাচাষে প্রতিবিঘা জমিতে বছরে ২০-২৫ হাজার টাকার মতো খরচ হয়। এক বছর পর বাজার ভালো থাকলে লাখ টাকার বিক্রি করা যায়। কিন্তু এ বছর কলার দাম কম।’

সরেজমিনে দেখা যায়, হাটজুড়ে সারি সারি কলার কাঁদি সাজানো রয়েছে। চাষিরা ভ্যানযোগে কলা নিয়ে হাটে আসছেন। পাইকার ও কলা চাষিদের মধ্যে দরকষাকষি চলছে। তবে জেলার বাইরে থেকে পাইকার না আসায় চাষিরা কম দামে কলা বিক্রি করে বাধ্য হচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, জেলার সাতটি উপজেলায় গত বছর ৯৪০ হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। তবে চলতি মৌসুমে কলার চাষ অনেক কম হয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দক্ষিণ বন্দর এলাকায় হাটটির অবস্থান। সপ্তাহে শনিবার ও বুধবার বসে এ কলার হাট।

কাঁচা কলা বিক্রির জন্য হাটে নিয়ে এসেছেন জেলার সাদুল্লাপুরের ধাপেরহাট এলাকার কাজল আহমেদ। তিনি বলেন, ‘স্থানীয় পাইকাররা বর্তমানে এ হাট থেকে কলা কিনে জেলা শহর থেকে বিভিন্ন উপজেলা শহরে পাঠাচ্ছেন। দাম একেবারে কম বলছেন। ৩০০-৩৫০ টাকার কাঁদি মাত্র ২০০-২৫০ টাকা বলছেন। এভাবে কলা বিক্রি করলে আমাদের লস হবে।’

হাটে কলা নিয়ে আসা আসাদুল ইসলাম বলেন, ‘প্রতিটি কলার কাঁদি ৩৭০ টাকা করে বিক্রি করেছি। এ বছর আড়াই বিঘা জমিতে কলাচাষ করেছি। ফলন বেশ ভালোই হয়েছে। কিন্তু দাম নেই।’

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাটে যে কলা হালি ৮-১০ টাকা, সেই কলাই চা দোকানসহ অন্য দোকানে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা। শুধু চাষিরা দাম পাচ্ছেন না।’

কলা ব্যবসায়ীরা বলছেন, বাজারে আগের তুলনায় জেলার বাইরে থেকে তেমন পাইকার না আসায় বেচাবিক্রি কম। তবে কলার দাম কমেনি। আগের দামেই চাষিদের কাছ থেকে তাদের কলা কিনতে হচ্ছে।

স্থানীয় কলা ব্যবসায়ী মো. কাজল মিয়া বলেন, ‘হাটে মোটামুটি ভালো কলা উঠছে। ভালো মানের কলার দাম আছে। শীতের সৌসুমে কলার দাম একটু কম হবে, এটা স্বাভাবিক। হাটে যেমন দামে কিনি, কিছু লাভ রেখেই তা আমরা বিক্রি করি।’

হাটের ইজারাদার রাহান মিয়া বলেন, ‘জেলার বাইরে থেকে পাইকাররা এলে কলাচাষিরা আরও ভালো দাম পেতেন। তবে বর্তমানে দাম একেবারে দাম কম না। তারপরও প্রতিহাটে কমপক্ষে ৩০-৩৫ লাখ টাকার বিক্রি হয়।’

এ বিষয়ে গাইবান্ধা কৃষি সম্পসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য বেশ উপযোগী। কলাচাষে প্রচুর পরিমাণ কীটনাশক প্রয়োজন হয়। কৃষকরা কলার ন্যায্য দাম পেলে অন্য কোনো ফসল চাষে ঝুঁকবেন না।’

সূত্র : জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ