তপু সরকার হারুন, শেরপুরঃ মানুষের মৌলিক অধিকার রক্ষার পাশাপাশি হাতিকেও সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, “মানুষের মৌলিক অধিকার নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। পাশাপাশি হাতিকেও সংরক্ষণ করতে হবে। তাহলে দুদিক থেকেই আমাদের লাভ হবে।”
শনিবার (১০ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, হাতির অভয়ারণ্য গড়ে তোলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন, শেরপুর ও ময়মনসিংহ বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সভায় এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), গণমাধ্যমকর্মী এবং হাতি সংরক্ষণে নিবেদিত স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
এর আগে পরিবেশমন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাতি চলাচলের পথ পরিদর্শন করেন।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর- ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী। সভায় বক্তারা ওই অঞ্চলে মানুষ ও হাতির মধ্যকার দ্বন্দ্ব নিরসন, বন্যপ্রাণী সংরক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় হাতির আক্রমণ ও ফসলের ক্ষয়ক্ষতি থেকে স্থানীয়দের সুরক্ষা এবং হাতির নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, ইআরটি সদস্য এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।