ইফতেখার আলম বিশাল : রাজশাহী সিটি হাসপাতালকে অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, এ হাসপাতালকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা রয়েছে। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা করা হবে।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর রানীনগরে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাঁকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটারসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
ড. এম এ মুহিত বলেন, রাসিক প্রশাসক তাঁকে হাসপাতালটি দেখাতে নিয়ে এসেছেন। হাসপাতালটি আয়তনে বড় হলেও এর ভবন অনেক পুরোনো। অতীতে অযত্ন ও অবহেলার কারণে এখানে যথাযথভাবে স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাসপাতালটি নিয়ে অনেক স্বপ্ন ও বড় পরিকল্পনা রয়েছে। তাঁর পরিকল্পনাগুলো বাস্তবসম্মত মনে হয়েছে। প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালটির উন্নয়নে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। একই সঙ্গে দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা করা হবে। হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্রে পরিণত করার সম্ভাবনা তিনি দেখছেন।
এ সময় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের অবদান থাকায় পরবর্তী সরকারের আমলে হাসপাতালটির উন্নয়ন হয়নি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, সিটি হাসপাতালকে অত্যাধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী হাসপাতালটির আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। এ জন্য তিনি নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ রাসিকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মুঈদুর রহমান মঈদসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।