স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিদায় ঘণ্টা বাজিয়ে এখন শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে টাইগ্রেসরা। এই জয়ে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে পাকিস্তান। আগামী ১৬ অক্টোবর শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে এটি বাংলাদেশের টানা তৃতীয় জয়। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বিপরীতে পাঁচ ম্যাচে মাত্র দুই পয়েন্ট নিয়ে হতাশ হতে হয়েছে স্বাগতিকদের। সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ওই ম্যাচে জয় পেলেও ফাইনালে ওঠার কোনো সুযোগ থাকছে না তাদের।
রোববার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক সাদিয়া ইসলামের ব্যাট থেকে আসে ৪৪ রান। পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম, সাহারা বানু ও মাহনুর জেব একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে লক্ষ্যের নাগাল পাওয়া কঠিন হয়ে যায় তাদের জন্য। রাভাইল ফারহান একপ্রান্ত আগলে রেখে ২৬ বলে ৩৬ রান করেন। তবে রান আউট হয়ে ফিরতেই পাকিস্তানের জয়ের আশাও কার্যত শেষ হয়ে যায়।