শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। ট্রেনে সিটের নিচে ব্যাগটি পেয়ে নওগাঁ নিয়ে গিয়েছিলেন নাটোর শহরের এক বাসিন্দা। পরে সংবাদমাধ্যমে ল্যাপটপ হারানোর খবর দেখে তিনি বিষয়টি ছেলেকে জানান। ছেলের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাতে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে নাটোর সদর থানায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ সুপার জানান, ল্যাপটপ হারানোর পরদিন ৮ অক্টোবর সকালে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে সান্তাহার হয়ে নওগাঁ যাওয়ার সময় সিটের নিচে একটি ব্যাগ পান। ব্যাগটি নিয়ে তিনি নওগাঁ চলে যান। পরে ব্যাগ খুলে ল্যাপটপ দেখতে পেয়ে ছেলে অন্তরের সঙ্গে কথা বলেন।

সংবাদমাধ্যমে জার্মান পর্যটকের ল্যাপটপ হারানোর খবর দেখে অমল সাহা ছেলেকে বিষয়টি জানান। পরে অন্তর রোববার রাতে পুলিশকে খবর দিলে কাপুড়িয়া পট্টির নূর ক্লথ স্টোরের পাশ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

Advertisement

ল্যাপটপ উদ্ধারের বিষয়টি পর্যটক ক্রিল ল্যান্ডার কিরিলকে জানানো হয়েছে। এ ঘটনায় তিনি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান পুলিশ সুপার। তবে ব্যাগটি পাওয়ার পর কয়েক দিন পেরিয়ে গেলেও কেন তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

যেভাবে চুরি হয়েছিল পর্যটকের ব্যাগ

বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শনে এসে জার্মান তরুণ ক্রিল ল্যান্ডার কিরিল বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে সান্তাহার স্টেশনে যান। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেসে নাটোর রেলস্টেশনে এসে ভুল করে নেমে পড়েন। সেখান থেকে অন্য একটি ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

এ জন্য তিনি নাটোর রেলস্টেশনের প্ল্যাটফর্মের অপেক্ষাকক্ষে অপেক্ষা করছিলেন। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে পরিচিত হন। পরে কিরিল টিকিট কাটতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে দেখেন, ব্যাগসহ যুবকটি উধাও।

ব্যাগে ল্যাপটপ ও ক্যামেরা ছিল। এ ঘটনায় তিনি রাতেই নাটোর থানায় অভিযোগ করেন। পরে তাঁর অবস্থানের সুবিধার্থে প্রথমে রাজশাহী এবং এরপর ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

অভিযুক্তকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

এদিকে, পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তাকারীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

এসআরবি-৫ সিপিসি-২ সূত্র জানায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তের চেহারা শনাক্ত হওয়ার পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর ও আব্দুলপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জনবহুল এলাকায় তাঁর ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ