শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৫:৪৯ সকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭

জীবিকার তাগিদে ট্রাকে করে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাচ্ছিলেন একদল দিনমজুর। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নিভে যায় সাত প্রাণ। ওই ট্রাকের স্টিয়ারিং চালকের সহকারীর হাতে ছিল বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে নিহত হন দিনাজপুরের সাতজন দিনমজুর। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ছয়জন।

ট্রাকের যাত্রী আহত জাহাঙ্গীরের ভাষ্য, “মুন্সীগঞ্জের ভবেরচরের মেঘনা ব্রিজের টোলপ্লাজায় এসে ড্রাইভার হেল্পারকে ট্রাক চালাতে দেয়। তারপরই দাউদকান্দিতে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়।”

এ দুর্ঘটনায় নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলম মিয়ার ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), একই জেলার বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের পলাশ মিয়ার ছেলে সুমন (২১), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০), একই গ্রামের বাসিন্দা বিষু মিয়া (৩৫) ও রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।

Advertisement

দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজনের প্রাণ যায়। তারা সবাই কাজের সন্ধানে দিনাজপুর থেকে ট্রাকে থাকা চালের বস্তার ওপর চেপে কুমিল্লা ও ফেনীর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মো. হানিফ নামে আহত আরেকজন বলেন, “সবাই ট্রাকের উপরে ছিলাম। কখন সবাই উড়ে পড়ে গেলাম বুঝতেও পারি নাই।

“সবাই কাজের সন্ধানে দিনাজপুর থেকে ট্রাকে করে রওনা হয়েছিলাম। এখন হাসপাতালে, আমার হাত ভেঙে গেছে।”

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, নিহতদের লাশ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আহতরা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলার সাধারণ সম্পাদক আমলঙ্গীর হোসেন বলেন, “আহতের সঙ্গে কথা বলে জেনেছি, হেলপার ট্রাক চালাচ্ছিল।

“পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। যদি তাদের কেউ বাধা দিত, তাহলে এতগুলো প্রাণহানি এড়ানো যেত।”

  • সর্বশেষ