স্পোর্টস ডেস্ক : নাম, ধর্ম নাকি পারফরম্যান্স, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচন প্রক্রিয়া নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজের। এরপরই তাঁর বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংসদ সদস্য ইমরান মাসুদ। আলোচনায় এনেছেন মোহাম্মদ শামি ও সরফরাজ খানের নামও।
ভারতের চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১১ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজ। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে তাঁকে রাখা হয়নি। তাঁর পরিবর্তে পেস আক্রমণে জায়গা পেয়েছেন জাসপ্রিত বুমরাহ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ ও আনশুল কাম্বোজ। -- ডেইলি ক্রিকেট
তবে, সিরাজের বাদ পড়াকে বৈষম্য হিসেবে দেখছেন ইমরান মাসুদ। তাঁর দাবি, ভালো পারফরম্যান্সের পরও সিরাজকে সুযোগ না দেওয়ার পেছনের কারণ তাঁর নাম।
ইমরান বলেন, 'তার নাম 'সিরাজ', আর এ কারণেই তাকে দলে নেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি তাকে দলে সুযোগ না দেওয়া হয়, তাহলে বৈষম্যটা স্পষ্ট। এছাড়া শামি আছে, সরফরাজ আছে। দল নির্বাচন হওয়া উচিত পারফরম্যান্সের ভিত্তিতে। সে কোথা থেকে এসেছে, তা বিবেচ্য হওয়া উচিত নয়।'
এদিকে ইমরানের মাসুদের মতো সিরাজের পাশে দাঁড়িয়ে তাঁকে দমিয়ে রাখা সহজ নয় বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর লড়াই ও পরিশ্রমের কথা স্মরণ করিয়ে দিয়েছেন ওয়াইসি।
হায়দরাবাদের এই ক্রিকেটারের অটোচালক বাবার সংগ্রামের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সিরাজের সবচেয়ে বড় শক্তি তার মানসিক দৃঢ়তা। তাকে দমিয়ে রাখা কিংবা দীর্ঘ সময় দলের বাইরে রাখা সহজ নয়। সিরাজ আবারও ফিরে আসবে। তবে দল নির্বাচনে বৈষম্যের এই অভিযোগ মানতে নারাজ ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল। তাঁর মতে, ভারতীয় ক্রিকেটে ধর্মীয় কারণে কাউকে বাদ দেওয়ার নজির নেই।
তিনি বলেন, কে এমন অভিযোগ করেছেন, সেটা আমি জানিনা। তবে ভারতীয় ক্রিকেটে কখনো এমন ঘটনা ঘটেনি। ইতিহাস দেখলেই আপনারা সেটা বুঝতে পারবেন। বিভিন্ন ধর্মের অনেক খেলোয়াড় ভারতীয় দলের হয়ে খেলেছেন। মোহাম্মদ আজহারউদ্দিন দলের অধিনায়কও ছিল। তাই এটিকে শুধু একটা ইস্যু বানানো হচ্ছে। কিন্তু এমন কিছু আগে ঘটেনি, ভবিষ্যতেও ঘটবে না।