স্পোর্টস ডেস্ক : আইপিএল নিলামের আগে দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। এর মধ্যেই চমক দিল পাঞ্জাব কিংস। মুম্বই ইন্ডিয়ান্স থেকে হার্দিক পাণ্ডিয়ার পর এবার কোচিং স্টাফের একজনকেও নিজেদের শিবিরে টানল প্রীতি জিন্তার দল। আসন্ন আইপিএলে পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক বোলিং কোচ পরশ মাম্বরে।
গত মৌসুমে পাঞ্জাবের বোলিং কোচ ছিলেন জেমস হোপস। সম্প্রতি তাঁর সঙ্গে চুক্তি শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই শূন্যস্থান পূরণে মাম্বরেকে বেছে নিয়েছে পাঞ্জাব। প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী হিসেবে কাজ করবেন ৫৪ বছর বয়সী এই কোচ। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তাঁর সঙ্গে চুক্তিও চূড়ান্ত হয়েছে।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাহুল দ্রাবিড়ের কোচিং স্টাফে ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন মাম্বরে। তাঁর অধীনেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। বিশ্বকাপ জয়ের পর যোগ দেন মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং বিভাগে। তবে মুম্বইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক আরও পুরোনো। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ক্রিকেটার হিসেবেই দলটির হয়ে খেলেছিলেন তিনি।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন মাম্বরে। ভারতের অনূর্ধ্ব-১৯ দল নিয়েও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ ছাড়া বাংলা, বরোদা, মহারাষ্ট্র ও বিদর্ভের মতো ঘরোয়া দলকে কোচিং করিয়েছেন তিনি।
দীর্ঘ ২১ বছরের কোচিং অভিজ্ঞতাসম্পন্ন মাম্বরেকে নিয়ে পাঞ্জাবের বোলিং বিভাগ আরও শক্তিশালী করার প্রত্যাশা রিকি পন্টিংয়ের। গত মৌসুমে ফাইনালে ওঠা পাঞ্জাব এবার শিরোপার অপেক্ষা ঘোচাতে কোচিং বিভাগেও নতুন করে শক্তি বাড়াচ্ছে।