স্পোর্টস ডেস্ক : অন্তঃসত্ত্বা অবস্থাতেই বিশ্বের সাতটি বড় ম্যারাথনে অংশ নিয়ে অনন্য নজির গড়েছেন যুক্তরাষ্ট্রের নার্স ডেয়ারড্রে কিন। চিকিৎসকদের পরামর্শ ও অনুমতি নিয়ে গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে একের পর এক ম্যারাথন শেষ করেছেন তিনি। সম্প্রতি নিউ ইয়র্ক ম্যারাথনে অংশ নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অ্যাথলেট।
চলতি বছরকে নিজের দীর্ঘদিনের লক্ষ্য পূরণের বছর হিসেবে বেছে নিয়েছিলেন কিন। পরিবার শুরু করার আগে ২০২৬ সালে ১১টি প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। তালিকায় ছিল বিশ্বের সাতটি বড় ম্যারাথন, একটি আইরিশ ট্রেইল ম্যারাথন, দুটি আলট্রাম্যারাথন ও একটি আয়রনম্যান প্রতিযোগিতা।
এপ্রিল মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন কিন। এর আগেই টোকিও, বোস্টন ও লন্ডন ম্যারাথন শেষ করেছিলেন তিনি। পরে স্বামী ব্রায়ানের সঙ্গে আলোচনা করে প্রতিযোগিতার পরিকল্পনায় পরিবর্তন আনেন। ঝুঁকি এড়াতে আয়রনম্যান ও দুটি আলট্রাম্যারাথনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। আয়ারল্যান্ডের ম্যারাথনেও গতি কমিয়ে দৌড়ান।
চিকিৎসকদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর বাকি ম্যারাথনগুলোতে অংশ নেন কিন। তবে এ সময় পুষ্টি, পর্যাপ্ত পানি পান ও পেশির যত্নে বিশেষ গুরুত্ব দিতে হয়েছে তাঁকে।
গর্ভাবস্থার ২৫ সপ্তাহে সিডনি, ২৯ সপ্তাহে বার্লিন এবং ৩১ সপ্তাহে শিকাগো ম্যারাথনে দৌড়ান কিন। সর্বশেষ ৩৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় অংশ নেন নিউ ইয়র্ক ম্যারাথনে। চার ঘণ্টা ৯ মিনিট ২৬ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। এটিই ছিল এ বছর তাঁর শেষ প্রতিযোগিতা।
দীর্ঘদিনের দৌড়ের অভিজ্ঞতাও কিনকে এ ক্ষেত্রে সহায়তা করেছে। এখন পর্যন্ত ৭৪টি ম্যারাথন ও আলট্রাম্যারাথনে অংশ নিয়েছেন তিনি। তাঁর এই কৃতিত্বে প্রশংসায় ভাসছেন অ্যাথলেট ও ক্রীড়াপ্রেমীরা।