স্পোর্টস ডেস্ক : স্যান্ডপেপার-কাণ্ডে উসমান খোয়াজার অভিযোগ উড়িয়ে দিলেন জশ হ্যাজেলউড। পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের। এমনকি এই বিতর্কে কামিন্সের নেতৃত্ব চলে গেলে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিতও দিয়েছেন অজি পেসার।
আট বছর আগের কেপটাউন টেস্টের স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। প্রাক্তন অধিনায়ক উসমান খোয়াজার আত্মজীবনী ‘সবর’-এ করা বিস্ফোরক দাবি ঘিরে নতুন করে উত্তপ্ত ক্রিকেট অঙ্গন। এবার খোয়াজার বক্তব্য সরাসরি নাকচ করলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে পুরো দল জানত বলে দাবি করেছেন খোয়াজা। তাঁর অভিযোগ, পরিকল্পনায় দলের অনেকেই যুক্ত থাকলেও শাস্তি পেয়েছিলেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। তাঁদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধও করা হয়েছিল।
খোয়াজার দাবির পক্ষে শুরুতে কথা বলেন ওয়ার্নার ও ব্যানক্রফট। তবে মিচেল স্টার্ক ও অধিনায়ক প্যাট কামিন্স সেই বক্তব্য প্রত্যাখ্যান করেন। কামিন্স তো দীর্ঘ ৭৪ মিনিটের সংবাদ সম্মেলনে খোয়াজার অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দেন।
শনিবার হ্যাজেলউডও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তাঁর কিছুই জানা ছিল না। তাঁর কথায়, ‘দুটি প্রশ্নের উত্তরই না। বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে আগে থেকে কিছু জানতাম না। ওই পরিকল্পনায়ও আমি ছিলাম না।’
শুধু খোয়াজার অভিযোগ খণ্ডনই নয়, কামিন্সের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন হ্যাজেলউড। অস্ট্রেলিয়ার অধিনায়ককে নেতৃত্ব থেকে সরানো হলে টেস্ট ক্রিকেট ছাড়ার কথাও ভাবতে পারেন তিনি। হ্যাজেলউডের ভাষায়, ‘প্যাট অসাধারণ নেতা। গত পাঁচ-ছয় বছরে অধিনায়ক হিসেবে ও যা করেছে, গত সপ্তাহে সংবাদ সম্মেলনে যা বলেছে, সবকিছুর পাশে আছি আমি। যদি দেখি আমরা টেস্ট খেলছি, অথচ প্যাট অধিনায়ক নেই, তাহলে এরপর কী করব, জানি না।
কামিন্সের নেতৃত্ব চলে গেলে টেস্ট খেলা চালিয়ে যাবেন কি না, এমন প্রশ্নে হ্যাজেলউডের ইঙ্গিতপূর্ণ জবাব, ‘পরিস্থিতি নিয়ে অবশ্যই ভাবতে হবে। তবে যদি তেমন কিছু হয়, কে বলতে পারে, আমি টেস্ট খেলা ছেড়ে দেব না!’
স্যান্ডপেপার-কাণ্ডের আট বছর পরও যে বিতর্কের রেশ কাটেনি, হ্যাজেলউডের বক্তব্যে তা আরও স্পষ্ট হলো।