স্পোর্টস ডেস্ক: পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে ভারত। তবে শিরোপাজয়ী তরুণ ক্রিকেটারদের জন্য আলাদা কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার মতে, অর্থ উপার্জনের জন্য পুরো ক্যারিয়ার পড়ে আছে তরুণদের। এখন তাদের মনোযোগ থাকা উচিত শুধু ক্রিকেটে।
বড় কোনো টুর্নামেন্ট জয়ের পর ভারতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করে বিসিসিআই। তবে শনিবার পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতলেও অনূর্ধ্ব-১৯ দলের জন্য তেমন কোনো ঘোষণা আসেনি। এ প্রসঙ্গে সাইকিয়া বলেন, ‘ওরা এখন অনেক ছোট। প্রাইজমানি বা আর্থিক লাভের বিষয়গুলো দয়া করে ওদের মাথায় ঢোকাবেন না। অর্থ উপার্জনের জন্য পুরো জীবন পড়ে আছে।’
তরুণ ক্রিকেটারদের কাছে এই মুহূর্তে অর্থের চেয়ে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বেশি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন বিসিসিআই সচিব। তাঁর ভাষায়, ‘এখন ওদের মনোযোগ থাকা উচিত শুধু খেলায়। আজকের অভিজ্ঞতা এবং ম্যাচ জেতানোর আত্মবিশ্বাস ভবিষ্যতে ক্যারিয়ার গড়তে অনেক সাহায্য করবে।’
পাকিস্তানের বিপক্ষে ফাইনালে অবশ্য অবিশ্বাস্য এক জয় পেয়েছে ভারত। ওমানের মাঠে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় ২৫২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। শেষ ৫১ বলে প্রয়োজন ছিল ৮৬ রান। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৮ রানে। শেষ বলে তিন রান প্রয়োজন হলে আহমেদ হুসেনের বলে লং অফ দিয়ে ছক্কা মেরে দলকে এক উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন মোহিত।
তবে মাঠের সেই জয়োৎসব নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। শিরোপা জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের উদ্দেশে কয়েকজন ভারতীয় খেলোয়াড়ের আক্রমণাত্মক ও আপত্তিকর অঙ্গভঙ্গির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে সমালোচনাও হচ্ছে।
এদিকে আর্থিক পুরস্কার না দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে মাঠের ওই আচরণের কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। যদিও বিসিসিআই সচিবের বক্তব্যে পুরস্কার না দেওয়ার কারণ হিসেবে তরুণদের বয়স ও খেলায় মনোযোগ দেওয়ার বিষয়টিই উঠে এসেছে।