স্পোর্টস ডেস্ক : কলকাতায় দুটি প্রীতি ম্যাচ আয়োজন করে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। ব্রাজিল ও উরুগুয়ের ম্যাচ ফি বাবদ এখনো বকেয়া প্রায় ২৫ কোটি টাকা। চুক্তি অনুযায়ী সময়সীমাও পেরিয়ে গেছে। তবু আপাতত আইনি পথে হাঁটছে না দুই দেশের ফুটবল ফেডারেশন। বরং বকেয়া পরিশোধে ভারতকে আরও সময় দিতে রাজি তারা।
গত ৩ ও ৬ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে খেলেছিল ব্রাজিল ও উরুগুয়ে। দুই দলেরই প্রাপ্য অর্থের অর্ধেক এখনো পরিশোধ করতে পারেনি এআইএফএফ। তবে কলকাতায় আয়োজন, নিরাপত্তা, আবাসন ও অনুশীলনের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট থাকায় আপাতত ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে না তারা। --- আনন্দবাজার
চুক্তি অনুযায়ী, ব্রাজিলকে ম্যাচের আগেই ৫০ শতাংশ অর্থ দেওয়ার কথা ছিল। বাকি অর্থ পরিশোধের সময়সীমাও পেরিয়ে গেছে। উরুগুয়ের সঙ্গে চুক্তি ছিল, ম্যাচের আগে ৫০ শতাংশ, ১ নভেম্বরের মধ্যে ২৫ শতাংশ এবং বাকি ২৫ শতাংশ ১৫ নভেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে। তারাও এখন পর্যন্ত পেয়েছে অর্ধেক অর্থ।
চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে চাইলে ফিফা কিংবা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) যেতে পারত ব্রাজিল ও উরুগুয়ে। তবে দুই দেশই নভেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে রাজি। প্রয়োজনে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে। এরপরও অর্থ না পেলে আইনি পদক্ষেপের কথা ভাববে তারা।
এদিকে দুটি ম্যাচ আয়োজন করতে এআইএফএফের খরচ হয়েছে প্রায় ৮০ কোটি টাকা। আয় হয়েছে মাত্র ৩৫ কোটি। ফলে লোকসান প্রায় ৪৫ কোটি টাকা। বকেয়া পরিশোধে ফেডারেশনের স্থায়ী আমানত (এফডিআর) ভাঙার প্রস্তাব উঠলেও বিশেষ সাধারণ সভায় তা নাকচ হয়েছে। সাবেক সভাপতি প্রফুল প্যাটেলও এর বিরোধিতা করেছেন।
ফেডারেশনের আর্থিক সংকটের প্রভাব পড়তে পারে ভবিষ্যতে আন্তর্জাতিক দল আনার পরিকল্পনায়ও। ব্রাজিল-উরুগুয়েকে ভারতে আনার দায়িত্বে থাকা ‘বেস্ট অফ ইউ’ সংস্থার প্রধান নির্বাহী অনুজ কিচলুর আশঙ্কা, এআইএফএফের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে বিদেশি দল আনা কঠিন হয়ে পড়বে। তাঁর আশা, ফেডারেশন দ্রুত বকেয়া পরিশোধ করবে।
ভারতের আগে অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেসব ম্যাচ আয়োজনের পুরো ব্যয় বহন করেছিল কুইন্সল্যান্ড সরকার। সেই উদাহরণ সামনে রেখে ভারতের কেন্দ্রীয় সরকারও শেষ পর্যন্ত এআইএফএফের পাশে দাঁড়াতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে আপাতত ২৫ কোটি টাকার বকেয়া পরিশোধই কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।