স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপ পিছিয়ে যাওয়ায় টনি পোপোভিচ দীর্ঘমেয়াদে অস্ট্রেলিয়া ফুটবল দলের দায়িত্ব পালনের আগ্রহ প্রকাশ করেছেন। নতুন চুক্তির ভিত্তিতে তিনি মহাদেশীয় এই টুর্নামেন্টের আগে দলকে নতুন করে গড়ে তোলার সুযোগ পাবেন।
এর আগে দেশটির ফুটবল ফেডারেশেনের দেওয়া চার বছরের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন পোপোভিচ। এই চুক্তির অধীনে তিনি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতেন। -- বিডিপ্রতিদিন
তার পরিবর্তে তিনি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছিলেন, যা ছিল এশিয়ান কাপের মূল সময়সূচী অনুযায়ী টুর্নামেন্ট শেষ হওয়ার তারিখ।
গত সপ্তাহে আয়োজক দেশ সৌদি আরবে ইয়েমেনের হুতিদের বিদ্রোহীদের হামলার ঘটনার প্রেক্ষিতে এশিয়ান কাপ ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে পোপোভিচ জানিয়েছেন, ফুটবল অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনার সাপেক্ষে তিনি দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি বিবেচনা করতে পারেন।
সোমবার (৯ নভেম্বর) দোহা থেকে ভিডিও কলে সাংবাদিকদের তিনি বলেন, হ্যাঁ, আমি সব ধরনের সম্ভাবনার জন্যই উন্মুক্ত।
আমার বিশ্বাস, আমাদের মধ্যে এ নিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, আমি এই দায়িত্বে অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করছি এবং খুশি। এটি আমার জন্য একটি সম্মান ও বিশেষ সুযোগ; আমি এই কাজটিকে কখনোই হালকাভাবে নিই না।
২০২৪ সালের শেষ দিকে গ্রাহাম আর্নল্ডের স্থলাভিষিক্ত হন পোপোভিচ।
তার অধীনে অস্ট্রেলিয়া চলতি বছরে অনুষ্ঠিত বিশ্বকাপে অত্যন্ত সাবলীলভাবে খেলার যোগ্যতা অর্জন করে এবং শেষ ৩২ পর্যন্ত পৌঁছায়। আগামী শুক্রবার দোহায় এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
এরপর আগামী সপ্তাহে আম্মানে জর্ডানের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। ‘প্রফেশনাল ফুটবলার্স অস্ট্রেলিয়া’ গত সপ্তাহে জানিয়েছিল, খেলোয়াড়দের একটি বড় অংশ মনে করে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির কারণে জর্ডানের বিপক্ষে ম্যাচটির সময়সূচি পরিবর্তন করা উচিত অথবা অন্য কোনো স্থানে আয়োজন করা প্রয়োজন।
তবে শনিবার প্রীতি ম্যাচগুলোর জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করার সময় পোপোভিচ জানান, নিরাপত্তা উদ্বেগের কারণে কোনো খেলোয়াড়ই নিজেকে দলের বাইরে রাখার কথা বলেননি।
এই দলে সাতজন নতুন খেলোয়াড় রয়েছেন, যাদের মধ্যে আছেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সেন্টার ব্যাক ডিজেল হেরিংটন; তিনি তার ছোট ভাই লুকাস হেরিংটনের সঙ্গে দলে যোগ দিয়েছেন। চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি পোপোভিচ জানান, এশিয়ান কাপ পিছিয়ে যাওয়ায় এখন তার মূল মনোযোগ নতুন খেলোয়াড় খুঁজে বের করা এবং তাদের যাচাই-বাছাইয়ের দিকে মনোযোগ দেবেন।