স্পোর্টস ডেস্ক : ডালাসে নামিবিয়াকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। ২৯৯ রানের লক্ষ্য তাড়া করে ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নামিবিয়ার দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রকে পথ দেখান অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তাঁর সঙ্গে স্মিত প্যাটেলের ৫০ ও শেহান জয়াসুরিয়ার ৭৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে জয় সহজ হয়ে আসে।
এর আগে মাইকেল ভ্যান লিঙ্গেনের সেঞ্চুরির ভিতের ওপর দাঁড়িয়ে ২৯৮ রান সংগ্রহ করে নামিবিয়া। লরেন স্টিনক্যাম্পের ৩০ ও অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের ৭৬ রানের সঙ্গে জুটি গড়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলেছিলেন ভ্যান লিঙ্গেন।
তবে শেষ পর্যন্ত মোনাঙ্কদের দৃঢ় ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয়। এই দুই পয়েন্টে লিগ-২-এর পয়েন্ট তালিকায় এমন অবস্থানে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র, যেখানে বাকি ম্যাচগুলো জিতলেও অন্য কোনো দলের পক্ষে তাদের টপকে যাওয়া সম্ভব নয়।
এই শিরোপার পাশাপাশি বিশ্বকাপ বাছাইপর্বেও জায়গা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট পাওয়ার পথে এখন আরও এক ধাপ এগিয়ে গেল তারা।