আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ নির্বাচনে জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন কিনা তা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রোববার (৯ আগস্ট) হাইকোর্টের অ্যানেক্স ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সংসদ সদস্য গাজী নজরুলের ভোটাধিকারের ব্যাপারটি স্পষ্ট করেন।
এ সময় রাষ্ট্রপতি নির্বাচন ও সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শিশির মনির।
গাজী নজরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে শিশির মনির বলেন, ‘গাজী নজরুল ইসলাম যেহেতু সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন, তাই তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন।’
রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা গণতান্ত্রিক রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে বলেও মন্তব্য করেন শিশির মনির।
এদিকে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশকে আইনে পরিণত করতে সরকারের অনুমোদিত নতুন খসড়ার সমালোচনা করেন তিনি। শিশির মনিরের অভিযোগ, প্রস্তাবিত আইনটি আন্তর্জাতিক মানদণ্ড থেকে পিছিয়ে যাচ্ছে।
তিনি বলেন, প্রস্তাবিত আইনে গুমের তদন্তের দায়িত্ব পুলিশকে দেওয়া হয়েছে এবং তথ্যভাণ্ডার সংরক্ষণের দায়িত্ব সরকারের হাতে রাখা হয়েছে। এতে গুমের ঘটনায় কার্যকর তদন্ত ও তথ্য প্রকাশের ক্ষেত্রে শঙ্কা তৈরি হতে পারে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইন নিয়ে তার মতামত তুলে ধরেন।