মনিরুল ইসলাম : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো একটি চিঠিকে কেন্দ্র করে দেশের গণমাধ্যমের সংবাদ পরিবেশনের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। চিঠিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হলেও অনেক গণমাধ্যমে বিষয়টিকে সরাসরি ‘শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন’ হিসেবে প্রচার করা হয়েছে। এ ঘটনাকে তথ্য যাচাই-বাছাইয়ে গণমাধ্যমের দুর্বলতা এবং শিরোনামনির্ভর সাংবাদিকতার উদাহরণ হিসেবে দেখছেনগণমাধ্যমে ‘আবেদন’ হিসেবে প্রচার করার তীব্র সমালোচনা করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক সাইদুর রহমান।
এ বিষয়ে তার এফবিতে দেওয়া দীর্ঘ এক বক্তব্যে বলা হয়েছে, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যথাযথভাবে যাচাই না করে সংবাদ প্রকাশের প্রতিযোগিতা কখনোই একটি টেকসই ও দায়িত্বশীল গণমাধ্যমব্যবস্থার পরিচয় হতে পারে না। বিশেষ করে স্পর্শকাতর রাজনৈতিক বিষয়ে আংশিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।
বক্তব্যে উল্লেখ করা হয়, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের (Matrix Chambers) পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা হিসেবে চিঠিটি পাঠান।
চিঠিতে বলা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়।
একই সঙ্গে বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতা অনুসারে বিষয়টি দ্রুত প্রক্রিয়া করার অনুরোধ করা হয়। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কী ধরনের আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় নথিপত্র লাগবে, তা জানাতেও হাইকমিশনকে অনুরোধ করা হয়।
‘অনুরোধ’ কীভাবে ‘আবেদন’ হয়ে গেল?
বক্তব্যে প্রশ্ন তোলা হয়েছে, চিঠিতে যেখানে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, সেখানে বিষয়টি সরাসরি পাসপোর্ট ও এনআইডির আনুষ্ঠানিক আবেদন হিসেবে সংবাদে উপস্থাপন করা হলো কীভাবে?
অভিন্ন ধরনের শিরোনামে একাধিক গণমাধ্যমে ‘পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন’ প্রচারিত হওয়ায় বিষয়টি আরও আলোচনায় আসে। অথচ চিঠির ভাষ্য এবং সংবাদে ব্যবহৃত শিরোনামের মধ্যে পার্থক্য রয়েছে বলে দাবি করা হয়েছে।
বক্তব্যে আরও বলা হয়, ৯ নভেম্বর সকালে ম্যাট্রিক্স চেম্বার্সের ই-মেইল পাওয়ার আগেই কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিক রয়টার্সে প্রকাশিত সংবাদের লিংক পাঠিয়েছিলেন। পরে ওই সংবাদকে ভিত্তি করে দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের প্রতিযোগিতা শুরু হয়। এতে মনে হয়েছে, অনেক সংবাদমাধ্যম মূল চিঠির বক্তব্য যাচাই না করেই বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনের ওপর নির্ভর করেছে।
ভিউয়ের প্রতিযোগিতায় তথ্যের যথার্থতা হারাচ্ছে সাংবাদিকতা
বক্তব্যে বলা হয়, ‘শেখ হাসিনা দেশে ফিরতে পাসপোর্টের আবেদন করেছেন’—এ ধরনের চটকদার শিরোনাম সাময়িকভাবে পাঠক-দর্শকের আগ্রহ তৈরি করতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদে এ ধরনের সংবাদ পরিবেশন গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর।
সাংবাদিকতাকে ‘শোনা কথা’, ‘জানা কথা’, ‘সূত্র জানায়’ কিংবা ‘সংশ্লিষ্ট সূত্রের বরাত’নির্ভরতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তথ্যের পরিবর্তে ভিউকে প্রাধান্য দেওয়া, আংশিক তথ্য প্রকাশ এবং অপতথ্য ছড়ানোর প্রবণতা সাংবাদিকতার জন্য ভয়ংকর।
বিশেষ করে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে একটি তথ্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই না করে সংবাদ প্রকাশ করলে তা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। ভুল ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে রাজনৈতিক কিংবা অর্থনৈতিক স্বার্থ হাসিলের পাশাপাশি সামাজিক অস্থিরতাও তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
ম্যাট্রিক্স চেম্বার্সের ভূমিকা নিয়েও প্রশ্ন
বক্তব্যে শুধু পাসপোর্ট-এনআইডি সংক্রান্ত সংবাদ নয়, ম্যাট্রিক্স চেম্বার্সের বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রম নিয়েও গণমাধ্যমের মনোযোগের ঘাটতির কথা তুলে ধরা হয়েছে।
দাবি করা হয়েছে, গত ১৫ মাসে প্রতিষ্ঠানটি বৈশ্বিক বিভিন্ন পরিসরে পাঁচবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করেছে। আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার পক্ষে আবেদন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরোধিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারপ্রক্রিয়ার বিরোধিতা এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে আইনি কার্যক্রম পরিচালনার মতো বিষয়েও প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা রয়েছে।
বক্তব্যে বলা হয়, এসব বিষয়ে দেশের গণমাধ্যমে পর্যাপ্ত অনুসন্ধানী প্রতিবেদন দেখা যায়নি। অথচ একটি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের কার্যক্রম, অবস্থান এবং বাংলাদেশের রাজনৈতিক ও বিচারিক প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ততা জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়।
গণমাধ্যমের অতীত ভূমিকা নিয়েও সমালোচনা
বক্তব্যে বিগত ১৭ বছরে বাংলাদেশের গণমাধ্যমের একটি বড় অংশের ভূমিকা নিয়েও সমালোচনা করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ওই সময় গণমাধ্যমের একটি অংশ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পক্ষে কাজ করেছে এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে।
এ ধরনের ‘কল্পিত সাংবাদিকতা’ থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার আহ্বান জানানো হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থ, গণতন্ত্র, জবাবদিহি এবং জনগণের তথ্য জানার অধিকারকে সাংবাদিকতার প্রধান বিবেচ্য বিষয় হিসেবে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের আদালতে দণ্ডিত কোনো ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য কি না, সে বিষয়ে সরকারের ব্যাখ্যার প্রসঙ্গও বক্তব্যে উল্লেখ করা হয়েছে। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানোর বিষয়ে সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরা হয়েছে।
সাংবাদিকতা হতে হবে ওয়াচডগ, রাজনৈতিক প্রচারের হাতিয়ার নয়
বক্তব্যের শেষাংশে বলা হয়েছে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে পতিত সরকারের পলাতক গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগসহ রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গণমাধ্যমের অনুসন্ধানী ভূমিকা থাকা প্রয়োজন।
সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; সমাজের ভালো-মন্দ, অন্যায়-অনিয়ম এবং বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরার অন্যতম প্রধান হাতিয়ার। শাসকশ্রেণি ও দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের ‘ওয়াচডগ’ বা অতন্দ্র প্রহরী হিসেবে বিবেচনা করা হয়।
তাই রাজনৈতিক স্বার্থ, বাণিজ্যিক সুবিধা কিংবা ভিউয়ের প্রতিযোগিতায় সাংবাদিকতার নীতি-নৈতিকতা বিসর্জন দেওয়া উচিত নয়। গণমাধ্যমকে হতে হবে তথ্যনির্ভর, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল। কারণ, গণমাধ্যম সমাজের দর্পণ। সেই দর্পণকে নিজেদের স্বার্থে বিকৃত করার সুযোগ নেই।