১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফেনীর সোনাগাজীতে। এই কেন্দ্র থেকে ২০২৮ সালের জুনে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রটি চালু হলে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ যুক্ত হবে।
সোমবার (১৬ নভেম্বর) দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্প-সংশ্লিষ্ট কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম খান এবং সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু।
এ ছাড়া অনুষ্ঠানে ইজিবি পিএলসির চেয়ারম্যান কে এম আলী রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং ইজিবির ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মনজুর কাদিরসহ বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় জানানো হয়, প্রকল্পটি বাংলাদেশ সরকার, আইএসডিবি ও ইজিবির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। গত ৩ আগস্ট অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএসডিবির মধ্যে প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ৩০ জুন ২০২৮ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সৌর প্যানেল (সোলার পিভি মডিউল), ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভির পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। প্রকল্পের পরামর্শক ও ইপিসি ঠিকাদার নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি কেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য ডরমেটরি নির্মাণের কাজ চলছে।
এতে আরও জানানো হয়, সরকারের ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ার পাশাপাশি কার্বন নিঃসরণ কমানো এবং জাতীয় জলবায়ু অঙ্গীকার (এনডিসি) বাস্তবায়নেও সহায়তা মিলবে।