শিরোনাম
◈ ব্লাইন্ড এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই পাকিস্তানের কাছে ১২৬ রানে হারলো বাংলাদেশ ◈ এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা ◈ দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ◈ কাগজে-কলমে কমেছে দারিদ্র্য, অথচ খাবার জোগাতে হিমশিম লাখো ভারতীয় ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৬ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউল আহসানকে হাতকড়া-ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির, সংসদে লুনার ক্ষোভ 

মনিরুল ইসলাম : গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় জাতীয় সংসদে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রীর কাছে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন তিনি।

আজ রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় লুনা এ দাবি জানান। তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী।

সংসদে দেওয়া বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা বলেন, অসংখ্য গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার কার্যক্রম চলমান। অথচ গত বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার সময়কার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দ ভ্রমণে বের হয়েছেন। আর তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা তাকে বিশেষ প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, একজন গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তি হাতকড়া পরতে অস্বীকৃতি জানানোর কারণে তাকে হাতকড়া কিংবা ডান্ডাবেড়ি ছাড়াই আদালতে নেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও মর্মাহত হওয়ার মতো। তার মতো ভুক্তভোগী বহু পরিবারের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

Advertisement

লুনা প্রশ্ন তুলে বলেন, সরকার কি জিয়াউল আহসানকে নিয়ন্ত্রণ করতে পারছে না, নাকি তার প্রতি বিশেষ কোনো মানবিকতা দেখানো হচ্ছে? একজন অভিযুক্ত ব্যক্তির ক্ষেত্রে এমন আচরণের কারণ কী, তা স্পষ্ট হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, গুম ও নিখোঁজের শিকার পরিবারগুলো দীর্ঘদিন ধরে প্রিয়জনদের সন্ধান এবং ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। এমন পরিস্থিতিতে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করার ক্ষেত্রে শিথিলতা বা বিশেষ সুবিধার অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে নতুন করে হতাশা ও শঙ্কা তৈরি করতে পারে।

বক্তব্যের শেষ পর্যায়ে আইনমন্ত্রীর কাছে এ ঘটনার ব্যাখ্যা দাবি করেন তাহসিনা রুশদীর লুনা। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে আনা-নেওয়ার ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা অনুসরণ করা হয়েছে এবং হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া হাজির করার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, তা পরিষ্কার করার দাবি জানান তিনি।

জাতীয় সংসদে তার এই বক্তব্য গুম ও নিখোঁজের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের উদ্বেগ, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনের প্রয়োগে সমতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।

  • সর্বশেষ