নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমণ্ডিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) সাবেক অতিরিক্ত মহাপরিচালক রফিকুল ইসলামের ছেলে আল মুক্কাবির ইসলাম অর্ণবের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন আদালত। ধানমণ্ডি থানা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে বাদীপক্ষের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তে অসন্তোষ প্রকাশ করে চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন অর্ণবের মা ও মামলার বাদী হালিমা খাতুন।
বাদীপক্ষের অভিযোগ, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করেই আসামিদের পক্ষে প্রতিবেদন দিয়েছে ধানমণ্ডি থানা পুলিশ। এ ছাড়া অর্ণবের মৃত্যুর পেছনে শতকোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়নি।
মামলার বাদীর দাবি, আসামিরা পুলিশের যোগসাজশে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। হালিমা খাতুনের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। অথচ ধানমণ্ডি থানা পুলিশ মনগড়া চূড়ান্ত প্রতিবেদন দিয়ে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করেছে।
পরিবারের দাবি, ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতজনিত কারণে অর্ণবের মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। কিন্তু পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এ কারণে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন তিনি।
হালিমা খাতুন বলেন, ‘সাত মাস হয়ে গেল, কিন্তু আমরা এখনো ন্যায়বিচারের কোনো অগ্রগতি দেখছি না। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছি, তারা সবাই জামিনে রয়েছেন। অথচ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের কাউকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। বরং মনগড়া তথ্যের ভিত্তিতে আত্মহত্যার গল্প সাজিয়ে প্রতিবেদন দিয়েছে।’
বাদীপক্ষের অভিযোগ অস্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘আমার তদন্তে যা এসেছে, প্রতিবেদনে তা-ই উল্লেখ করেছি।’
জানা গেছে, অর্ণবের মৃত্যুর পর প্রথমে ধানমণ্ডি থানায় একটি অপমৃত্যু মামলা হয়। পরে গত ২১ মে অর্ণবের মা হালিমা খাতুন তার তিন চাচা-ফুপুসহ ১২ জনকে আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরিবারের অভিযোগ, বাবার রেখে যাওয়া শতকোটি টাকার সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই অর্ণবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মামলার এজাহার ও পরিবারের অভিযোগ অনুযায়ী, ২০১৭ সালে অর্ণবের বাবা রফিকুল ইসলামের মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অর্ণব পৈতৃক সম্পত্তির হিসাব বুঝে নেওয়া এবং নিজের অংশের সম্পদ ভোগদখল, বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করলে তাঁর ছোট চাচা ওসমান গণি, জাহেদ মিয়া ও হারুনের সঙ্গে বিরোধ তীব্র হয়। একপর্যায়ে তাঁকে সম্পত্তির নিয়ন্ত্রণ থেকে দূরে রাখার চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের।
নিহতের পরিবারের দাবি, মৃত্যুর দুদিন আগেও অর্ণব তাঁর মা ও খালাকে জানিয়েছিলেন, চাচার কাছ থেকে তিনি মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁর চাচা ওসমান গণি ও তাঁর স্ত্রী অর্ণবকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে তাঁদের পরিচিত চিকিৎসকের কাছে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এতে অস্বীকৃতি জানালে তাঁকে জোর করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় বলেও পরিবারের অভিযোগ।
পরিবারের দাবি, বিষয়টি বুঝতে পেরে অর্ণব সিগারেট কেনার কথা বলে বাসা থেকে বেরিয়ে খালা শাহনাজ বেগমের বাসায় চলে যান। সেখানে তিনি তাঁদের কাছে নিজের সমস্যার কথা খুলে বলেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, অর্ণবকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে অভিযুক্তরা নানা ধরনের চাপ সৃষ্টি করতেন। এমনকি তাঁর স্বাভাবিক চলাফেরা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হতো। সম্পত্তির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার উদ্দেশ্যে তাঁকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ বাদীপক্ষের।
এজাহারে আরও বলা হয়, বাসায় কর্মরত গৃহকর্মীদের মাধ্যমে অর্ণবকে ঘুমের ওষুধ বা অন্য কোনো অচেতনকারী দ্রব্য খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল। পরে পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্তে এখনো আদালতের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি।
গত ২ মে দুপুরে ধানমণ্ডির ১১ নম্বর সড়কে অবস্থিত নিজেদের বাসার সামনে অর্ণবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সেসময় ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান জানিয়েছিলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিকট শব্দ শুনে স্থানীয়রা বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা অর্ণবের মরদেহ নিচে পড়ে থাকতে দেখেন। তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে অর্ণবকে দীর্ঘক্ষণ ছাদে পায়চারি করতে দেখা গেছে। তবে তিনি ছাদ থেকে লাফ দিয়েছিলেন, নাকি পড়ে গিয়েছিলেন, সেই দৃশ্য ফুটেজে পাওয়া যায়নি। ছাদ থেকে অর্ণবের এক জোড়া জুতা উদ্ধার করা হয়েছিল।
মামলার এজাহারে উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন অর্ণবের চাচা ওসমান গণি ভূঞা (৬৮) ও তাঁর স্ত্রী মাসুদা বেগম মায়া (৭০), আরেক চাচা জাহেদ ভূঞা (৭২) ও তাঁর স্ত্রী সেনুয়ারা বেগম রেনু (৬২)।
পরিবারের দাবি, রফিকুল ইসলামের রেখে যাওয়া সম্পদের মধ্যে রাজধানীর ধানমণ্ডির ৮/এ নম্বর সড়ক ও ধানমণ্ডি-৩২ নম্বরে দুটি ফ্ল্যাট, সেগুনবাগিচায় একটি অ্যাপার্টমেন্ট, উত্তরায় একটি ফ্ল্যাট এবং মালিবাগের মীরবাগে পাঁচতলা একটি বাড়ি রয়েছে। এ ছাড়া যাত্রাবাড়ীতে রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জের আকবপুরে ১০ একর জমির ওপর উমেদ আলী ভূঞা উচ্চবিদ্যালয় এবং নীলগঞ্জে আড়াই একর জমির ওপর রফিকুল ইসলাম কলেজ রয়েছে।
এসব প্রতিষ্ঠানের বাইরে কিশোরগঞ্জের খালিয়াজুড়িতে প্রায় ১০০ একর কৃষিজমি ও খামারবাড়ি, তাড়াইল উপজেলায় ২০ একর জমি ও দোতলা বাড়ি এবং কিশোরগঞ্জ শহরে ১০ শতাংশ জমি রয়েছে বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
অর্ণবের মা হালিমা খাতুনের অভিযোগ, বাবার মৃত্যুর পর তাঁর চাচা ওসমান গণি, জাহেদ ও ঝরনা এসব সম্পত্তির নিয়ন্ত্রণ নেন। গত দুই বছর ধরে অর্ণবকে বিভিন্নভাবে হুমকি ও অপমান করা হচ্ছিল। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। অর্ণবের ইচ্ছা ছিল নিজে ব্যবসা করার। কিন্তু তাঁকে বাবার প্রতিষ্ঠিত যাত্রাবাড়ীর রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়াতে বাধ্য করা হয় বলে অভিযোগ তাঁর।
হালিমা খাতুন আরও বলেন, তাঁর ছোট চাচা ওসমান গণি নিজের ছোট মেয়ের সঙ্গে অর্ণবের বিয়ে দিয়ে সম্পত্তি নিজেদের নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু অর্ণব চাচাতো বোনকে বিয়ে করতে রাজি না হওয়ায় তাঁকে চাপ দেওয়া হতে থাকে।
তিনি বলেন, ‘মৃত্যুর আগের দিন শুক্রবার রাত ১০টার দিকে ছেলে আমাকে ফোন করে বলেছিল, মা চলো আমরা দেশের বাইরে চলে যাই। আমার ছেলে নিরাপত্তাহীনতায় ভুগছিল। একটি সুস্থ ছেলে কেন আত্মহত্যা করবে? আমি মনে করি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি চাই, প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনা হোক।’
অর্ণবের খালা শাহনাজ বেগমের অভিযোগ, বাসায় কর্মরত দুই গৃহকর্মী জেস্টিনা ম্রং ও তানজিলা বেগম অর্ণবকে সব সময় চাপের মধ্যে রাখতেন। তাঁরা অর্ণবের ওপর নজরদারি করতেন এবং তাঁর চলাফেরা, বাসা থেকে বের হওয়া ও কার সঙ্গে কথা বলার বিষয়গুলো ভিডিও করে চাচা ওসমান গণিকে জানাতেন। অর্ণব মৃত্যুর আগে কয়েক দফায় তাঁদের কাছে এসব অভিযোগ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
হালিমা খাতুনের অভিযোগ, গৃহকর্মীদের মাধ্যমে অর্ণবের খাবারে ঘুমের ওষুধ, চেতনানাশক কিংবা অন্য কোনো ক্ষতিকর দ্রব্য মেশানো হয়ে থাকতে পারে। তাঁর দাবি, গৃহকর্মী জেস্টিনা ম্রং, তানজিলা বেগম এবং চাচা ওসমান গণিকে জিজ্ঞাসাবাদ করা হলে মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে।
পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে। এখন মামলাটির তদন্তভার সিআইডির হাতে যাওয়ায় নতুন করে তদন্তের মাধ্যমে অর্ণবের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটিত হবে বলে আশা করছেন তাঁরা।