শিরোনাম
◈ ঢাকার মেট্রোরেল সম্প্রসারণে বড় প্রকল্পের কাজ পেল ভারতের টাটা ◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল
আপডেট : ১২ নভেম্বর, ২০২৬, ০৭:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাবঞ্চিত নারীদের অধিকার ও ক্ষমতায়নে সংসদীয় ককাসের গুরুত্বারোপ

মনিরুল ইসলাম : সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে প্রকৃত গণতন্ত্র এবং কার্যকর জনপ্রতিনিধিত্বের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, প্রকৃত গণতন্ত্রের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও জীবনমান উন্নয়নে সংসদীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ করে সমাজের পিছিয়ে থাকা নারী, অভিবাসী নারী শ্রমিক এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা আলোচনায় উঠে এসেছে।

আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর  রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস’-এর জনপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

স্পিকার বলেন, প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন ছিল বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকার পরপর তিনটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করেছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে জনগণের দৃঢ় প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে। জনগণের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে বর্তমান সংসদ কাজ করছে।

Advertisement

নারীর রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে স্পিকার বলেন, বর্তমান সংসদে নারী সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আগের তুলনায় নারী সংসদ সদস্যদের অভিজ্ঞতা ও দক্ষতা বেড়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারলে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন এবং তাঁদের মাধ্যমে দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বদলীয় সংসদীয় ককাস গঠন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এই ককাসের লক্ষ্য দলীয় মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে পিছিয়ে পড়া মানুষের অধিকার, সুযোগ ও জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা।

তিনি দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক শক্তির প্রতিনিধিদেরও এ উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।

ককাসের আলোচনায় নারীর সামাজিক সুরক্ষার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। বিশেষ করে অভিবাসী নারী শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন অংশীজনেরা।

এ ছাড়া পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অগ্রাধিকার, শহরের ভাসমান মানুষের জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করা, উর্দুভাষী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, দলিতদের স্থায়ী আবাসন, পরিচ্ছন্নতাকর্মীদের সামাজিক মর্যাদা, গার্মেন্টস শ্রমিকদের অধিকার, বেদে ও উপকূলীয় জেলে সম্প্রদায়ের সমস্যা এবং দুস্থ, এতিম ও প্রবীণদের জন্য বিশেষ আইন প্রণয়নের বিষয়েও আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ককাস গঠনের প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কর্মপরিধি তুলে ধরেন।

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম।

‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ককাসের সদস্য, জাতীয় সংসদের হুইপ, বিভিন্ন অংশীজন, আমন্ত্রিত অতিথি, এনজিওকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ