শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঁজিবাজার উন্নয়নে বড় পরিকল্পনা সরকারের, আসছে নতুন ৩ আইন

মনিরুল ইসলাম : অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, দেশের শেয়ারবাজারকে গতিশীল ও প্রাণবন্ত করতে সরকার একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। 

তিনি সংসদকে জানিয়েছেন, পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের মূল উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে আইনি সংস্কার, পণ্যের বৈচিত্র্য আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর অংশ হিসেবে ২০২৫ ও ২০২৬ সালের মধ্যে তিনটি নতুন আইন ও বিধিমালা প্রণয়নের কাজ চলছে।

আজ সোমবার স্পিকার ব্যারিষ্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এসব তথ্য জানান তিনি। নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারের এই পরিকল্পনায় বাজারের গভীরতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিতকরণ এবং বিনিয়োগ শিক্ষা প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুঁজিবাজারের গভীরতা বাড়াতে মৌলভিত্তিসম্পন্ন বেসরকারি কোম্পানির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের আর্কষণ করতে বাজারে নতুন নতুন পণ্য আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, শক্তিশালী বন্ড মার্কেট গঠন, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) সুকুক (ইসলামিক বন্ড) এবং গ্রিন বন্ড।

বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রমে গতিশীলতা আনতে সরকার বড় ধরনের আইনি সংস্কারে হাত দিয়েছে বলে জানান মন্ত্রী। তিনি জানান, ১৯৬৯ সালের অর্ডিন্যান্স এবং ১৯৯৩ সালের আইনের সংমিশ্রণে ‘বিএসইসি আইন ২০২৫’ নামে সম্পূর্ণ নতুন একটি আইন প্রণয়নের কাজ চলছে। দাবিবিহীন ডিভিডেন্ড ও শেয়ারের সঠিক ব্যবস্থাপনার জন্য ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন-২০২৬ করা হচ্ছে। এ ছাড়া পুঁজিবাজারের অনিয়ম প্রকাশকারীদের সুরক্ষা দিতে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালা ২০২৬ করা হচ্ছে। তিনি জানান, কর্পোরেট গভর্নেন্স কোড সংশোধন করে ‘কর্পোরেট গভর্নেন্স রুলস ২০২৬’ প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পুঁজিবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে তদন্ত এবং এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে। কারসাজি ও অনিয়ম বন্ধে বাজারের আধুনিকায়ন ও সম্পূর্ণ ডিজিটাইজেশনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে বাজারে প্রবেশাধিকার সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

একই প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের সচেতন করতে তৃণমূল পর্যায় পর্যন্ত কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নিয়েছে সরকার। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে বিনিয়োগ শিক্ষা অন্তর্ভুক্ত করার কাজ করা হচ্ছে; জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করে দেশব্যাপী তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং বিটিভিতে ‘পুঁজিবাজারের জানা-অজানা’ নামে পাক্ষিক অনুষ্ঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কন্টেন্ট প্রচার করা হচ্ছে। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং এটি দেশের অর্থনীতির একটি টেকসই স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

  • সর্বশেষ