শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৩:৫৪ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সেই লক্ষ্যে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ইরান থেকে প্রায় ২৫০ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, আঙ্কারায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে। এর আগেও গত বছর বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হয়েছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরান থেকে ২৫০ জন বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। জরুরি প্রত্যাবাসন পরিচালনা ও সমন্বয় করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তা এবং তুরস্কের আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা আজারবাইজানের বাকুতে যাচ্ছেন। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে। এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে সহায়তা চাওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, ফিরিয়ে আনার জন্য আনুষঙ্গিক খরচ (জনপ্রতি ভিসা ফি, ওষুধ, খাবার, স্থলপথে পরিবহন খরচ) হিসাবে প্রায় ২৩ হাজার ডলার দিচ্ছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। আর চার্টার্ড বিমানের খরচ দেবে সরকার। তবে এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারও বক্তব্য পাওয়া যায়নি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনায় আটকে পড়া বাংলাদেশিদের তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়ক পথে নিয়ে আসা হবে। এরপর আজারবাইজান সীমান্ত থেকে বাকু পর্যন্ত সড়কপথে নিয়ে যাওয়া হবে। বাকু’র বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় নিয়ে আসা হবে।  

কূটনৈতিক সূত্র বলছে, আজারবাইজানের আকাশসীমা আংশিক খোলা আছে। বাকু থেকে কাস্পিয়ান সাগরের ওপর দিয়ে নিয়মিত বিমান চলাচল করছে। এই রুটে বাকু থেকে ফ্লাইট পরিচালনা করা সম্ভব।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহায়তা চাওয়া হয়েছে। তবে ফ্লাইট এখনও চূড়ান্ত হয়নি। আগামী ১৯ অথবা ২০ মার্চ ফ্লাইট পাওয়া যেতে পারে।

ইরান-ইসরায়েল-মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় স্থবিরতা নিয়ে এসেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিভিন্ন দেশ থেকে ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ থেকেও প্রায় ১৮ দিনে ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে সৌদি আরবে ২ জন, বাহরাইনে ১ জন ও দুবাইয়ে ১ জন মারা গেছেন। এছাড়া এখনও পর্যন্ত ১৪ জনের মতো আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের প্রায় ১০-১৫টি দেশে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। প্রধান কেন্দ্রবিন্দু ইসরায়েল ও লেবানন হলেও, এর প্রভাব বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইয়েমেন ও সিরিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেখানে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটছে।

এর আগে ইরান থেকে গত বছর বেশ কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। ইরানে যুদ্ধপরিস্থিতির কারণে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। ভারত তাদের নাগরিকদের আরমেনিয়া হয়ে দেশে ফেরাচ্ছে। সেদেশের নাগরিকদের ইরান থেকে আরমেনিয়া পর্যন্ত নিজ দায়িত্বে যেতে বলা হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়