এল আর বাদল: কারাবন্দি বাংলাদেশি সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি)-এ মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ক ৫টি আন্তর্জাতিক সংস্থা। একই সঙ্গে তারা বিনা বিচারে আটক থাকা চার সাংবাদিককেও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। -- সূত্র, এইসময়
বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই সংগঠনগুলি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, সাংবাদিকরা যেন তাদের পেশাগত প্রতিবেদনের কারণে কোনও ফৌজদারি অভিযোগের মুখোমুখি না হন— বিশেষ করে মানবতাবিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগে। বিবৃতিতে স্বাক্ষরকারী মানবাধিকার পর্যবেক্ষক সংস্থাগুলি হল— অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, সিভিকাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এবং হিউম্যান রাইটস ওয়াচ।
এই পাঁচ সংগঠনের যৌথ বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৫ ও ৬ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে পরিচালিত নিরাপত্তা অভিযানের সংবাদ কভারেজের জেরে রূপা ও বাবুর বিরুদ্ধে আইসিটিতে তদন্ত চলছে। প্রসিকিউশনের অভিযোগ, তাঁরা নিহতের সংখ্যা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়িয়ে মানবতা-বিরোধী অপরাধ করেছেন। এই মামলায় গত ১৪ মে তাঁদের গ্রেপ্তার দেখানো হলেও এখন পর্যন্ত কোনও অভিযোগপত্র বা প্রমাণ হাজির করা হয়নি।
বিবৃতিতে এই সংস্থাগুলি বলেছে, কোনও রাজনৈতিক বা বিতর্কিত ঘটনার সংবাদ প্রচার বা সম্পাদকীয় সিদ্ধান্তকে অপরাধ হিসেবে গণ্য করা এবং মানবতা-বিরোধী অপরাধ হিসেবে তার বিচার করা আইনগত ভাবে ভুল। এটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সংস্থাগুলির মতে, রূপা এবং বাবুর বিরুদ্ধে আইসিটি-তে নেওয়া এই পদক্ষেপ নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির (ইন্টারন্যাশনাল কোভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস) পরিপন্থী।