মনিরুল ইসলাম : তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের বর্তমান অবস্থান ও অর্জনের পেছনে সংবাদমাধ্যমের বড় অবদান রয়েছে। তিনি বলেন, “আজ আমরা যেখানে আছি, সংবাদ মাধ্যম আছে বলেই সেখানে আছি।”
আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অর্জনের ক্ষেত্রে সংবাদমাধ্যমের অবদান অস্বীকার করার সুযোগ নেই। “আজ দেশের যত অর্জন, তার সমান ক্রেডিট সংবাদ মাধ্যমে যায়,” উল্লেখ করে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সরকারের পক্ষ থেকে একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে—সবাই মিলে কাজ করলে দেশকে স্বপ্নের বাংলাদেশে রূপান্তর করা সম্ভব। “ইনশাআল্লাহ আমাদের সময় আপনারা ফ্রি মিডিয়া পাবেন। গণমাধ্যম বা সাংবাদিকতায় কোনো ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছা আমাদের নেই,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তিনি জানান, বর্তমানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে প্রায় ৬ কোটি টাকা রয়েছে, যা বাড়িয়ে ২৫ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং চলতি অর্থবছরেই প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
অনুষ্ঠানে ডিআরইউ নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।