চট্টগ্রামের পটিয়ায় সরকারি দপ্তরের অনিয়ম এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৬০টি অভিযোগ বক্স স্থাপন করেছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। রোববার এসব অভিযোগ বক্স স্থাপনকালে তিনি বলেন, তার দলের কোনো নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এমপি এনাম বলেন, সরকারি দপ্তরে কী ধরনের সেবা দেওয়া হচ্ছে, কোথাও অনিয়ম হচ্ছে কিনা কিংবা তার দলের কেউ অপরাধের সঙ্গে জড়িত কিনা— এসব বিষয়ে বিস্তারিত লিখে অভিযোগ বক্সে জমা দেওয়া যাবে। সরকারি দপ্তরের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তা সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশসহ পাঠানো হবে।
তিনি জানান, একটি কমিটির মাধ্যমে প্রতি সপ্তাহে অভিযোগ বক্সগুলো থেকে অভিযোগ সংগ্রহ করে পর্যালোচনা করা হবে।
প্রতিটি অভিযোগের সমাধান কীভাবে করবেন এবং অভিযোগ বক্স স্থাপন করে আদৌ সফলতা আসবে কিনা— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনামুল হক এনাম বলেন, ‘ছবির মতো রাতারাতি এলাকায় পরিবর্তন আনা সম্ভব নয়। তবে পরিবর্তন হবে। অভিযোগের কখনো শেষ হবে না। সিনেমা আর বাস্তবতা ভিন্ন।’ তিনি বলেন, প্রতি সপ্তাহে প্রতিটি অভিযোগের সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে অভিযোগ বক্সের সংখ্যা আরও বাড়ানো হবে।
এমপি এনাম বলেন, ‘কোনো সালিশ-বিচার করা আমার কাজ নয়। সেবামূলক অফিসে অন্যায়-অনিয়ম হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি সরকার অনিয়ম বন্ধ করতে বদ্ধপরিকর। উদ্দেশ্য হলো, জনগণের সেবা আরও সহজ করা।’ পাশাপাশি দলীয় নেতাকর্মীরা কোথায় কী করছেন, সে বিষয়েও জানা যাবে বলে জানান তিনি।
অভিযোগ জমা দেওয়ার ক্ষেত্রে অভিযোগকারীকে নিজের পরিচয় উল্লেখ করতে হবে এবং অভিযোগের সত্যতা প্রমাণে তথ্য-প্রমাণ দিতে হবে। তবে ক্ষেত্রবিশেষে অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।