শিরোনাম
◈ মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ, আলোচনা শুরু মঙ্গলবার ◈ মহাসড়ক সংস্কারে অনিয়ম ঠেকাতে আসছে নতুন নীতিমালা ◈ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম: দৈনিক ৩৫০০ পর্যটকের অনুমতি, যাওয়া যাবে ১৫ মার্চ পর্যন্ত ◈ গ্যাস সংকটে দুই দিন পরই বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন ◈ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা বরদাশত করবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ টঙ্গীতে ৭ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষকের জামিন নামঞ্জুর ◈ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জাপানে যাচ্ছেন যারা ◈ ক্লাসিকোতে প্রতিশোধের অপেক্ষায় রিয়াল মা‌দ্রিদ, আধিপত্য ধরে রাখতে চায় বার্সেলোনা, রাত ১টায় ম‌্যাচ ◈ বিশ্বে প্রথমবার স্পাইনাল কর্ড প্রতিস্থাপনের দাবি রাশিয়ার, সফলতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:২৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৬, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশুর মরদেহ দেখার পরই বদলে যায় সেই এসিল্যান্ডের আচরণ, জানালেন স্ত্রী

সুনামগঞ্জের জামালগঞ্জে পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর মরদেহ দেখার পর সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্তের আচরণে আকস্মিক পরিবর্তন আসে বলে জানিয়েছেন তার স্ত্রী সাদিয়া মৌ সূচনা। এরপর থেকেই তার আচরণ অসংলগ্ন হয়ে পড়ে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক আনসার সদস্যের সঙ্গে এসিল্যান্ডের অপ্রীতিকর ঘটনা ও নিজের সরকারি ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্ট ঘিরে আলোচনার সৃষ্টি হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বর্তমানে আরিফুর রহমান শান্ত ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শ্বশুর মহসিন মিয়া জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন ভালো। তার স্ত্রীও হাসপাতালে তার সঙ্গে রয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন আরিফুর রহমান শান্ত। তার স্ত্রীর ভাষ্যমতে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার বেহেলী এলাকায় পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর মরদেহ দেখার পরই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং তার আচরণে পরিবর্তন আসে।

Advertisement

শুক্রবার (২৩) রাতে তার আচরণ আরো অসংলগ্ন হয়ে পড়ে। এ সময় দায়িত্বরত দুই আনসার সদস্যের সঙ্গে তিনি মারমুখী আচরণ করেন বলে অভিযোগ ওঠে। এমনকি এক আনসার সদস্যকে মারধর ও তার মুঠোফোন ভেঙে ফেলারও অভিযোগ রয়েছে।

একই রাতে আরিফুর রহমান শান্তের সরকারি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। এতে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক দায়ী থাকবেন।” পোস্টটি ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক বিষয়টি জেলা প্রশাসনকে জানান। একইসঙ্গে ইউএনও’র ফেসবুক আইডি থেকে জানানো হয়, এসিল্যান্ডের ব্যবহৃত মুঠোফোন হ্যাক করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়।

পরিস্থিতি সামাল দিতে ইউএনও জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল বাতেন এবং ভূমি কার্যালয়ের নাজির সাব্বির আহমেদকে সঙ্গে নিয়ে এসিল্যান্ডের সরকারি বাসভবনে যান।

সেখানে এসিল্যান্ডের স্ত্রী অন্যদের ভেতরে প্রবেশ করতে না দিয়ে চিকিৎসককে ভেতরে যাওয়ার অনুরোধ করেন। চিকিৎসক আব্দুল বাতেন ভেতরে গেলে এসিল্যান্ডের স্ত্রী তাকে ‘হেলোসিন’ ও ‘পারকিনিল’ নামের দুটি ইনজেকশন জামালগঞ্জে পাওয়া যাবে কি না, তা জানতে চান। স্থানীয় কোনো ফার্মেসিতে ইনজেকশন দুটি না পাওয়ায় চিকিৎসক সঙ্গে থাকা বিকল্প ইনজেকশন প্রয়োগ করেন। তবে তাতে কাজ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানোর পরামর্শ দেন।

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, এসিল্যান্ডর স্ত্রী নির্দিষ্ট দুটি ইনজেকশনের কথা বললেও স্থানীয়ভাবে সেগুলো না পাওয়ায় ঘুমের ইনজেকশন দেওয়া হয়। কিন্তু তাতে কোনো প্রভাব না পড়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানোর পরামর্শ দিই। ধারণা করা হচ্ছে, তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়া বলেন, এসিল্যান্ডের স্ত্রীর সঙ্গে কথা বলে বুঝা যায়, এর আগেও দুয়েকবার এমন উল্টাপাল্টা আচরণ এসিল্যান্ড করেছেন। তাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়ানো হয়।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক বলেন, এসিল্যান্ড দুই মাস হয় যোগদান করেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ, এটি আমি এর মধ্যে জেনেছি। কিন্তু তিনি মানসিকভাবে অসুস্থ, এটা শুক্রবারই জানা হয়েছে আমার।

ইউএনও আরো বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মেরেছেন। ছোট বাচ্চাদের মারতে দৌড়ে গেছেন। এসিল্যান্ডের স্ত্রী বলেছেন, বৃহস্পতিবার বেহেলীতে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দেখে এমন আচরণ করতে থাকেন তিনি।

এসিল্যান্ডের শ্বশুর মহসিন মিয়া বলেন, শান্ত ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমার মেয়ে তার সঙ্গে আছে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুর মরদেহ দেখেই শান্ত মানসিকভাবে অসুস্থ হয়েছেন। এখন তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান বলেন, শুক্রবার অনেক রাতে জামালগঞ্জের ইউএনও বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করেছেন। ইউএনওর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তিনি মানসিকভাবে আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। পানিতে পড়া এক শিশুর মরদেহ দেখে অসুস্থতা আরো বেড়ে যায়। এখন তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী জানিয়েছেন, এসিল্যান্ড সুস্থ আছেন।

  • সর্বশেষ