বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার রাতে একটি প্রেস রিলিজ দিয়েছে। যার আভিধানিক বাংলা অর্থ হচ্ছে বিসিবি জাতীয় দলের ব্যাটিং কোচের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটিং কোচের কোচিং পজিশন পরিবর্তন। ইংরেজিতে লেখা ওই সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘বিসিবি অ্যানাউন্সেস চেঞ্জ ইন ন্যাশনাল টিম ব্যাটিং কোচ পজিশন।’
ঘোষণাপত্রে যাই লেখা থাকুক ব্যাটিং পজিশন মানে তো আর একাদশের ব্যাটারদের পজিশন না, ব্যাটিং কোচের পজিশন। অর্থ্যাৎ, ব্যাটিং কোচ যে অবস্থানে ছিলেন সেই অবস্থানের রদবদল ঘটেছে।শিরোনামে বোঝা না গেলেও বাস্তবতা হচ্ছে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের আর ব্যাটিং কোচ নন। যদিও ২৪ অক্টোবর, শনিবার সকাল থেকে দুপুরেও তিনি টিম বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে শেরে বাংলায় ব্যাটারদের নিয়ে কাজ করেছেন। কিন্তু রাত পৌনে ১১টায় বিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো, মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং কোচ পদে অবস্থান পরিবর্তন হয়েছে। অর্থাৎ তিনি এখন আর জাতীয় দলের ব্যাটিং কোচ নন।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর জাতীয় দলের সঙ্গে নেই। তাহলে তিনি কোথায় আছেন? তিনি কি দায়িত্বচ্যুত? পদচ্যুত? তাকে কী অব্যাহতি দেওয়া হয়েছে? তাকে কি অপসারণ করা হয়েছে? এই প্রশ্নগুলো একেকজনের মনে একেকভাবে উদিত হচ্ছে।মোটা দাগে আশরাফুলের ব্যাটিং কোচ থেকে পদচ্যুতি না হলেও তাকে অন্যত্র সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। সেই অন্যত্র জায়গাটা কী? আশরাফুল কোথায় যেতে পারেন? তিনি কি আবার জাতীয় দলে ফিরতে পারেন? নাকি বয়স ভিত্তিক জাতীয় দলে কাজ করবেন? নাকি তাকে এইচপিতে দেখা যেতে পারে? নাকি তিনি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকবেন না? এই প্রশ্নগুলো কিন্তু খুব প্রাসঙ্গিকভাবে উঠে আসছে।বিসিবি থেকে সরাসরি মোহাম্মদ আশরাফুলের ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তিনি কোথায় থাকবেন? তিনি কোথায় কাজ করবেন? বা আদৌ থাকবেন কি না? তবে বলা হয়েছে তিনি জাতীয় দলের ব্যাটিং কোচ আর থাকবেন না।
অর্থ্যাৎ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আগামী ২৮ অক্টোবর যে শেরে বাংলায় দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে সেই সিরিজে আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচ থাকবেন না।এখন তিনি কোথায় থাকবেন সেটাও তাৎক্ষণিকভাবে বিসিবি থেকে জানানো হয়নি। জাতীয় দলের পরিচর্যা, তত্ত্বাবধান এবং পরিচালনার দায়িত্বে থাকা বিসিবির স্ট্যান্ডিং কমিটি ক্রিকেট অপারেশন্সে খোঁজ নিয়ে জানা গেছে, মোহাম্মদ আশরাফুলের জায়গায় বা ঘুরিয়ে বললে বিসিবির ব্যাটিং কোচ হিসেবে একজন দক্ষ এবং লব্ধ প্রতিষ্ঠিত ব্যাটিং কোচের সন্ধানে ক্রিকেট বোর্ড।ক্রিকেট অপসের সঙ্গে কথা বলে পরিষ্কার জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত-সমাদৃত কোনো সাবেক আন্তর্জাতিক মানের ক্রিকেটার এবং যার ব্যাটিং কোচ হিসেবে পরিচিতি আছে, যিনি ব্যাটিংয়ের আধুনিক কলাকৌশল ভালো জানেন, বোঝেন এবং বোঝাতে পারেন- এমন কাউকে বিসিবি খুঁজছে।এর মধ্যে মিডিয়ায় আরও একটি খবর প্রকাশিত হয়েছে, দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার এবং আন্তর্জাতিক ক্রিকেটের অত্যন্ত পরিচিত মুখ হাশিম আমলার সঙ্গেও নাকি ক্রিকেট বোর্ডের কথা হয়েছে বা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র জাগো নিউজের সঙ্গে আলাপে স্বীকার করেছেন, ‘হ্যাঁ হাশিম আমলার সঙ্গে বোর্ডের কথা হয়েছে এবং চলছে। তবে শুধু হাশিম আমলা নন বেশ কয়েকজন লব্ধ প্রতিষ্ঠিত হাই প্রোফাইল ব্যাটিং কোচের সঙ্গে ক্রিকেট বোর্ড যোগাযোগ করেছে এবং আলাপ-আলোচনাও অব্যাহত আছে। সেখানে শুধুই হাশিম আমলা নন আরও একাধিক দক্ষিণ আফ্রিকান কোচ আছেন।’আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়। মূলত সেই আসরকে সামনে রেখে একজন দক্ষ এবং উঁচু মানের ব্যাটিং কোচ নিয়োগের কথা ভাবছে বিসিবি।
যেহেতু বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকার মাটিতে তবে কি একজন প্রোটিয়াকে জাতীয় দলের আগামী এক বছরের জন্য ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে?এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশন্স থেকে উত্তর এসেছে, শুধু দক্ষিণ আফ্রিকার কোনো সাবেক ক্রিকেটার বা ব্যাটিং কোচকেই যে দায়িত্ব দেয়া হবে বা হতে পারে তেমন নয়, বিসিবি আসলে একজন ভালো মানের দক্ষ অভিজ্ঞ ব্যাটিং কোচের সন্ধানে আছে। তিনি উপমহাদেশেরও হতে পারেন এবং উপমহাদেশেরও একাধিক ব্যাটিং কোচের সঙ্গেও বিসিবি কথা বলছে। তার মানে ধরেই নেয়া যায় মোহাম্মদ আশরাফুলের বিকল্প হিসেবে নতুন ব্যাটিং কোচ সহসাই নিযুক্ত করতে যাচ্ছে বিসিবি।
সূত্র : জাগো নিউজ