শিরোনাম
◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ ◈ সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে রানওয়েতে ঢুকে গেলেন যুবক! ◈ সিঙ্গাপুরকে হারিয়ে নারী এশিয়ান গেমস বাছাইয়ের ফাইনালে বাংলাদেশ ◈ চল‌তি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ- আইএমএফের পূর্বাভাসের অর্থ কী? ◈ ‘পুলিশে বড় নিয়োগের ঘোষণা, নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে’ ◈ বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:২৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংবাদ প্রকাশের জেরে দলবল নিয়ে দেশ টিভির সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা সাব-রেজিস্ট্রার জাকিরের

ঢাকার সাভারে সংবাদ প্রকাশের জোরে দেওয়ান ইমন নামে স্থানীয় এক সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা ও হেনস্তার অভিযোগ উঠেছে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অদূরে গণপাঠাগারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাব-রেজিস্ট্রারের নাম জাকির হোসেন। তিনি সম্প্রতি ওই পদে যোগদান করেন। আর ভুক্তভোগী সাংবাদিক দেওয়ান ইমন টেলিভিশন চ্যানেল দেশ টিভির সাভার প্রতিনিধি।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিক জানান, দুপুরের দিকে ওই সাংবাদিক তার অপর এক সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। এসময় ৩০-৩৫ জন লোকসহ ওই সাব-রেজিস্ট্রার তাদের দিকে আসেন। একপর্যায়ে ভুক্তভোগী সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা করেন। তাকে শারীরিক হেনস্তাও করা হয়।

সাংবাদিক দেওয়ান ইমন বলেন, ‘আজ দুপুর ২টার দিকে আমি ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন পাবলিক লাইব্রেরির বিপরীত পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন ৩০-৩৫ জন লোক নিয়ে আমাদের দিকে আসেন। তারা এসেই প্রথমে আমাকে তুলে নেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে হেনস্তা করেন।’

তিনি বলেন, ‘বিষয়টি দেখে অন্য গণমাধ্যমকর্মীরা এগিয়ে এসে প্রতিবাদ করলে আমাকে আর তুলে নিতে পারেনি।’

এরই মধ্যে বিষয়টি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান তিনি। এছাড়া থানায় অভিযোগ করার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান।

তার ধারণা, সম্প্রতি সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করার জেরে এমন ঘটনা ঘটতে পারে।

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘আমরা গণপাঠাগারের বিপরীত পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম। হঠাৎ করে জাকির হোসেন দলবলসহ সেখানে আসেন। এসেই দেওয়ান ইমনকে উদ্দেশ্য করে, ‘ওকে ধর’ বলে তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় তার সঙ্গে ধাক্কাধাক্কি ও টানাহেঁচড়ার ঘটনাও ঘটে। তাকে শারীরিক হেনস্তা করা হয়। পুরো সময় ধরেই তিনি অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন।’

এদিকে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজসহ দুটি ভিডিও জাগো নিউজের হাতে এসেছে। এরমধ্যে সিসিটিভি ফুটেজের ভিডিওতে প্রায় ৩০-৪০ জনের একটি দলসহ সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে এগিয়ে যেতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিতদের ধারণ করা অপর একটি ভিডিওতে দেখা যায়, সাব-রেজিস্ট্রার জাকির হোসেনের পিয়ন ক্ষুব্ধ অবস্থায় ইমনকে বলছেন, ‘সমস্যা কী, সমস্যা কী?’। সেখানে উচ্চস্বরে বাগবিতণ্ডা চলার একপর্যায়ে জাকির রাগান্বিত স্বরে ইমনকে তার অফিসে যাওয়ার জন্য বলেন।

এসময় সেখানে উপস্থিত একজন জাকির হোসেনকে প্রশ্ন করে বলেন, ‘আপনি বাইরে কেন, এখানে আসছেন কেন’। ওই সময় জাকির হোসেনকে উদ্দেশ্য করে ইমনকে বলতে শোনা যায়, ‘জাকির ভাই, আপনি আমাকে ধরে নেওয়ার জন্য আসছেন কেন?’

এসব বিষয়ে জানতে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে কল করলেও তিনি কলটি রিসিভ করেননি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। সমাধানের চেষ্টা করছি।’

গেলো কয়েক দিন ধরেই সাব-রেজিস্ট্রার জাকির হোসেনকে নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হচ্ছিল। এর জেরে সম্প্রতি আইন মন্ত্রণালয় তদন্ত কমিটি করে। এরইমধ্যে তদন্ত কমিটি সাভার সাব-রেজিস্ট্রার কার্যালয় পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়