শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ১০:৫০ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা টিআইবির

মনজুর এ আজিজ : জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে ধারণাগত ও নৈতিক বোঝাপড়া উন্নত করতে এবং অনুসন্ধানী সাংবাদিকতায় পেশাদার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর সদস্যদের জন্য ‘জ্বালানি খাতে অনুসন্ধানী সাংবাদিকতা: গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

এফইআরবি’র সদস্যভুক্ত জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকরা ১০ থেকে ১২ এপ্রিল রাজেন্দ্রপুরের ব্র্যাক সেন্টার ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (সিডিএম)-এ আয়োজিত এ আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ডেটা সাংবাদিকতা এবং তথ্যের উৎস ও প্রাপ্যতা; অনুসন্ধানী সাংবাদিকতার মূলনীতি, সরঞ্জাম ও কৌশল এবং জ্বালানি খাতে সুশাসন-সংক্রান্ত ঝুঁকির ক্ষেত্রসমূহ; বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তা; জ্বালানি খাতে প্রতিবেদনের সুযোগ, প্রতিবন্ধকতা ও তথ্যের বিশ্বাসযোগ্যতা; এবং বিভিন্ন ডেটা বিশ্লেষণ সরঞ্জামের ব্যবহার ও ডেটা উপস্থাপন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দলগত অনুশীলন ও আলোচনার মাধ্যমে বৈশ্বিক চর্চা এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুসন্ধানী প্রতিবেদনের কার্যকর কৌশল মূল্যায়ন করা হয়।

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত, বিশেষত নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত নীতি কাঠামো, প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন, জবাবদিহিতা এবং তথ্যের স্বচ্ছতা-সংক্রান্ত সুশাসনের ঘাটতি ও দুর্নীতির ঝুঁকিপ্রবণ ক্ষেত্রগুলো সম্পর্কে অংশগ্রহণকারীদের স্পষ্ট ধারণা প্রদানের মাধ্যমে তাদের অনুসন্ধানী প্রতিবেদনকে আরো কার্যকর, প্রভাবশালী ও জনমুখী করে তোলাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণের সমাপনী পর্বে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়াটি প্রত্যাশিত গতিতে হচ্ছে না উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এর অন্যতম কারণ হলো পুরো সেক্টরটি এখন ‘ফসিল ফুয়েল’ বা জীবাশ্ম জ্বালানি লবির মাধ্যমে নীতি করায়ত্ত হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে কার্যকরী শক্তি গণমাধ্যম। যত বেশি তথ্যনির্ভর অনুসন্ধানী প্রতিবেদন গণমাধ্যমে উঠে আসবে, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা তত সহজ হবে।’

Advertisement

দলগত কাজে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া, বিদেশি বিনিয়োগ, ভূমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং তথ্য প্রকাশে অস্বচ্ছতাসহ নানা ক্ষেত্রে তাদের পেশাগত অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় প্রশিক্ষণের বিষয়বস্তু তাদের কাজের সাথে কতটা গভীরভাবে সংশ্লিষ্ট তা উল্লেখ করে অংশগ্রহণকারীরা জানান, তথ্যে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা, প্রাতিষ্ঠানিক অস্বচ্ছতা এবং বিশেষায়িত জ্ঞানের ঘাটতি কার্যকর অনুসন্ধানী সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় স্বাধীন, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরে তারা জ্বালানি খাতে অনুসন্ধানী প্রতিবেদনের পরিধি আরো বিস্তৃত করতে এবং তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন এফইআরবি’র নির্বাহী পরিচালক সেরাজুল ইসলাম সিরাজ এবং ভাইস চেয়ারম্যান হাসান আজাদ। 

প্রশিক্ষণে বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন মিডিয়া অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) হেল্প ডেস্কের অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের প্রধান মোহাম্মদ বদরুদ্দোজা; কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন)-এর প্রধান নির্বাহী হাসান মেহেদী; গ্লোবাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিল (জিএসসিসি)-এর ইনফরমেশন ইন্টিগ্রিটি ও অ্যান্টি-ডিসইনফরমেশন বিভাগের সিনিয়র অ্যাসোসিয়েট কুন্তল রায়; এবং টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম, এনার্জি গভর্নেন্স বিভাগের সমন্বয়ক মো. নেওয়াজুল মওলা এবং আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সহ-সমন্বয়ক রিফাত রহমান।

  • সর্বশেষ