মানসিক চাপে থাকলে হঠাৎ একজিমা বেড়ে যাওয়া কিংবা জীবনের চাপের কারণে মুখে ব্রণের প্রকোপ বাড়া—এ ধরনের ঘটনা অনেকেই অনুভব করেন। প্রথমে এগুলোকে কাকতালীয় মনে হলেও চিকিৎসাবিজ্ঞান বলছে, মানসিক অবস্থা ও ত্বকের স্বাস্থ্যের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক।
দীর্ঘদিন ধরে ধারণা করা হতো মানসিক চাপ ত্বকের সমস্যাকে বাড়ায়। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মস্তিষ্ক ও ত্বকের সংযোগ চর্মরোগ বোঝা ও চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লন্ডনের সাইকোডার্মাটোলজি বিশেষজ্ঞ ডা. আলিয়া আহমেদের মতে, মানসিক ও শারীরিক দুই ধরনের চাপই ত্বকে সরাসরি প্রভাব ফেলে। এজন্য চিকিৎসকরা রোগীর শারীরিক লক্ষণের পাশাপাশি তার মানসিক অবস্থা, ঘুম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনও বিবেচনায় নেন।
চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, ভ্রূণ অবস্থায় একই ধরনের কোষ থেকে মস্তিষ্ক ও ত্বকের উৎপত্তি হওয়ায় এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মানসিক চাপের সময় মস্তিষ্কের অ্যামিগডালা সক্রিয় হয়ে হাইপোথ্যালামাসে সংকেত পাঠায়, ফলে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন রক্তে বেড়ে যায়।
এই হরমোনগুলো শরীরে প্রদাহ সৃষ্টি করে ত্বকের সুরক্ষাব্যবস্থা দুর্বল করে দেয়। ফলে ত্বক আর্দ্রতা হারায় এবং ধুলোবালি বা অ্যালার্জেনের প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে। পাশাপাশি অতিরিক্ত তেল (সেবাম) উৎপাদনের কারণে লোমকূপ বন্ধ হয়ে ব্রণ তৈরি হয়। আবার স্ট্রেস কমে যাওয়ায় ত্বকের জীবাণু প্রতিরোধ ক্ষমতাও হ্রাস পায়, ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
চিকিৎসকরা এই পরিস্থিতিকে একটি দুষ্টচক্র হিসেবে বর্ণনা করেন, যেখানে চুলকানি থেকে ত্বকের ক্ষতি হয়, আবার সেই ক্ষতি মানসিক চাপ বাড়িয়ে সমস্যা আরও বাড়িয়ে তোলে।
এই অবস্থা নিয়ন্ত্রণে ইয়েল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ রজিতা সিনহা নিয়মিত ব্যায়াম ও মাইন্ডফুলনেস মেডিটেশনের পরামর্শ দেন। গবেষণায় দেখা গেছে, ব্যায়াম কর্টিসলের মাত্রা কমাতে সাহায্য করে এবং মেডিটেশন মস্তিষ্ককে চাপ নিয়ন্ত্রণে আরও কার্যকর করে তোলে। কিছু চর্মরোগে মেডিটেশন চিকিৎসার সঙ্গে মিলিয়ে ভালো ফল পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, হাঁটা বা ব্যায়ামের সময় মনকে সম্পূর্ণভাবে শিথিল রাখা বা ওয়াকিং মেডিটেশন চর্চাও উপকারী হতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, সঠিক চিকিৎসা এবং নিয়মিত ত্বকের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, মানসিক চাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ত্বকের বাহ্যিক যত্ন নিলে তবেই দীর্ঘমেয়াদি সমাধান পাওয়া সম্ভব।