মনিরুল ইসলাম : বয়সের ভারে ন্যুজ নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তাঁর গ্রামের বাড়ি ঢাকার বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, বড় একা তিনি।
দীর্ঘদিন ধরে তাঁর মনে একটি স্বপ্ন বাসা বেঁধে ছিল। সেই স্বপ্ন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখবেন, তাঁর সঙ্গে কথা বলবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আজ তিনি দৃষ্টিহীন।
আজ নূরজাহান বেগম-এর সেই বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো। তিনি কথা বললেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। দেখতে না পেলেও অনুভব করলেন তাঁর উপস্থিতি। কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন নূরজাহান বেগম।
মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শাহজাহানপুরে দুস্থ মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।
সেই আয়োজনেই নূরজাহান বেগম-এর এমন আবেগঘন মুহূর্তের সাক্ষী হন উপস্থিত সবাই।