শিরোনাম
◈ এক ক্লিকেই বিক্রি হচ্ছে আপনার অবস্থান: লোকেশন ডেটার কোটি ডলারের ব্যবসা ◈ রাজস্ব তহবিল থেকে টাকা নেয়ার অভিযোগের ব্যাখ্যা দিলেন আসিফ-হাসনাত ◈ ডিহাইড্রেশন দূর করে আখের রস, রমরমা ব্যবসা, জীবিকা খুঁজে পেয়েছেন শতাধিক শ্রমিক ◈ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে জাহাঙ্গীর আলমকে যা বলেছিলেন জিয়াউর রহমান ◈ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে ‘নূরজাহান বেগম’-এর বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হলো ◈ অভিষেককে 'চোর চোর' স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ ◈ বিশ্বের ইউরেনিয়াম বাজার নিয়ন্ত্রণ করছে কোন দেশগুলো? ◈ অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার শিক্ষা, নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান ◈ বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতি, আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ইরানের মাইন কৌশলে বদলে যাচ্ছে যুদ্ধের সমীকরণ, চাপে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ মে, ২০২৬, ০৭:৫১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার শিক্ষা, নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের আহ্বান

মনিরুল ইসলাম : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, শুধু দলের পক্ষ থেকে নয়, সম্ভব হলে ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এটিই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। প্রতিবছরের মতো এবারও আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যারা দীর্ঘদিন দলের সঙ্গে আছেন, তারা জানেন—এই দিনটিতে বিভিন্ন এলাকায় অসহায় মানুষের সহায়তায় নানা কর্মসূচি পালন করা হয়।”

তিনি বলেন, “আসুন, আমরা সবাই শপথ করি—যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আজকের দিনে এটিই হোক আমাদের প্রত্যাশা এবং অর্জন।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজীব আহসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে খিলগাঁওয়ের জোড়পুকুর মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধানমন্ত্রী নগর পরিচ্ছন্নতা বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শুধু কোরবানির বর্জ্য নয়, অন্যান্য আবর্জনাও নিয়মিত পরিষ্কার হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। এই দেশ যেমন আমাদের, তেমনি এই শহরও আমাদের। তাই শহরকে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।”

তিনি আরও বলেন, “সিটি করপোরেশন তাদের দায়িত্ব পালন করছে, পরিচ্ছন্নতাকর্মীরাও দিনরাত কাজ করছেন। তবে নাগরিক হিসেবেও আমাদের দায়িত্ব রয়েছে। আমরা যদি কম ময়লা-আবর্জনা ফেলি, তাহলে শহর আরও বাসযোগ্য ও সুন্দর থাকবে।”

শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করে তারেক রহমান বলেন, “তিনি মানুষকে শিখিয়েছেন কীভাবে কাজের মাধ্যমে দেশ গঠন করতে হয়। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।”

তিনি বলেন, দেশের স্বচ্ছল ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে জনগণের জীবনমানের উন্নয়ন আরও দ্রুত সম্ভব হবে।

তারেক রহমান আরও বলেন, “জিয়াউর রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই রাজনীতি শুরু করেছিলেন। জনগণের সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকলে সরকার দ্রুতই দেশের মানুষের কল্যাণে কাজ এগিয়ে নিতে পারবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়