মনিরুল ইসলাম : নয়াদিল্লীর ভারত মণ্ডপমে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অংশগ্রহণ নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শুক্রবার ৪ সেপ্টেম্বর সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে তাদের কাছে এই মুহূর্তে কোনো তথ্য নেই। ফলে বিষয়টি নিয়ে কূটনৈতিক অঙ্গনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র একটি সাক্ষাৎকার প্রচার নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান জয়সোয়াল। তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।”
অন্যদিকে, নেপালে নিখোঁজ ভারতীয় নাগরিকদের বিষয়ে হালনাগাদ তথ্য তুলে ধরে তিনি জানান, এখনো ২৭৫ জন ভারতীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। তবে এ পর্যন্ত ১৬৬ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
মুখপাত্র আরও বলেন, নিখোঁজদের সন্ধানে ভারত সরকার নেপাল সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। এ ছাড়া নেপাল সরকার, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
উদ্ধার হওয়া নাগরিকদের তালিকা নিয়মিত প্রকাশ করা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি উদ্ধার কার্যক্রমে নেপালি কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে সতর্ক অবস্থান—দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক সংবেদনশীলতার ইঙ্গিত বহন করছে।