হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকার লিও পেট্রোল পাম্পের পাশে চিহ্নিত এক মাদক কারবারির বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সিএন্ডবি ঘাট বেরিবাঁধ এলাকার লিও পেট্রোল পাম্পের সামনে জড়ো হতে থাকেন স্থানীয়রা। পরে দুপুর আড়াইটার দিকে কয়েকশত এলাকাবাসী একত্রিত হয়ে পাম্প সংলগ্ন মাদক ব্যবসায়ী মিলনী, লাবু ও বাবুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা পুলিশ সদস্যরা হামলাকারীদের বিরত থাকার অনুরোধ জানান। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই বিক্ষুব্ধ জনতা বাড়িঘর ভাঙচুর চালাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল চিহ্নিত ওই মাদক কারবারিদের এলাকা ছাড়ার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন।
সমাবেশে বক্তব্য রাখেন ব্যবসায়ী রুবেল হাসান দুলাল, ট্রাক ইউনিয়ন নেতা নাদিম হোসেন ও দুলাল হোসেন।
বক্তারা অভিযোগ করে বলেন, মিলনী, লাবু ও বাবু পরিবারের অন্তত ৬ জন সদস্য সরাসরি মাদক কারবারের সাথে জড়িত। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এমনকি স্থানীয় পরিবহন চালকরা সারাদিনের অর্জিত উপার্জনের পুরোটাই মাদকের পেছনে উজার করে দিচ্ছে। বারবার চেষ্টা করেও তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না।
তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে না গেলে আগামী রবিবার স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের পুরোপুরি উচ্ছেদ করবেন।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।