শিরোনাম
◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি ◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন ◈ এমবাপ্পের টানা সপ্তম ম্যাচে গোল, ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়াল মা‌দ্রিদ ◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি ◈ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৬ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট উঠল সামিরা খান মাহির মাথায়

মনিরুল ইসলাম : মিস ইউনিভার্স বাংলাদেশের নতুন মুকুটজয়ী হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তানজিয়া জামান মিথিলার পর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর খেতাব অর্জন করেছেন তিনি। শনিবার  ৭ নভেম্বর  রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মাহিকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর নাম ঘোষণার মুহূর্তে অনুষ্ঠানস্থলে তৈরি হয় টানটান উত্তেজনা। নিজের নাম শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। এ সময় গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন। পরে দুই বিজয়ী একে অপরকে জড়িয়ে ধরেন। তাঁদের একসঙ্গে মঞ্চে হাঁটার সময় করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

অনুষ্ঠানে সামিরা খান মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকটিতে ছিল ভারী পাথরের কারুকাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলা পরেছিলেন হালকা নীল ও সিলভার রঙের গাউন।

বিজয়ী ঘোষণার সময় মঞ্চে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা তমা মির্জা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক, চিত্রনায়িকা দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের একাধিক পরিচিত মুখ, মডেল ও কোরিওগ্রাফার।

Advertisement

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম ‘মিস ইউনিভার্স’ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে দেশের জন্য সম্মানজনক অবস্থান অর্জনের লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মঞ্চে পা রাখবেন তিনি।

বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, “বাবা-মা আমাকে বলেছে, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।”

মিডিয়ায় যেভাবে শুরু মাহির পথচলা

সামিরা খান মাহি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও পরিচিত মুখ। ২০১৪ সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে তাঁর মিডিয়ায় যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে টেলিভিশন নাটক ও ওয়েব কনটেন্টে কাজ করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় মুকুট জয়ের মধ্য দিয়ে তাঁর ক্যারিয়ারে যুক্ত হলো নতুন এক অর্জন।

মিথিলার সাফল্যের ধারাবাহিকতায় মাহি

এর আগে ২০২৫ সালে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় এটিই ছিল বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেন তিনি।

মিথিলার সেই সাফল্যের পর এবার নতুন প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছেন সামিরা খান মাহি। তাঁর সামনে এখন দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জ।

জাতীয় পর্যায়ের এই অর্জন মাহির ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এখন দেশের সৌন্দর্যপ্রেমী ও বিনোদন অঙ্গনের দর্শকদের অপেক্ষা—আন্তর্জাতিক প্রতিযোগিতায় কতটা উজ্জ্বলভাবে বাংলাদেশকে তুলে ধরতে পারেন নতুন মুকুটজয়ী সামিরা খান মাহি।

  • সর্বশেষ