মনিরুল ইসলাম: ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন মানেই ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ।২৪ অক্টোবর পরীমনির ৩৪তম জন্মদিন। তবে এবার জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে প্রকৃতি, শিউলি ফুল, সন্তান আর একান্ত কাছের মানুষদের নিয়ে ব্যতিক্রমী এক সন্ধ্যা কাটালেন এই নায়িকা । জন্মদিনের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’। আর সেই আয়োজনেই নতুন সিনেমা ‘ফারজানা’র ঘোষণা ও ছবিটির থিম তুলে ধরার খবর ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
ঢাকার কাছাকাছি ৩০০ ফিট পূর্বাচলের নিরিবিলি একটি ভেন্যুতে সাজানো এই আয়োজনে ছিল শরতের শিউলি ফুলের স্নিগ্ধতা, পারিবারিক আবহ এবং পরীমণির ব্যক্তিগত জীবনের নানা অনুভূতির ছাপ। জন্মদিনের আনন্দের পাশাপাশি নতুন চলচ্চিত্রের ঘোষণা এবারের অনুষ্ঠানকে দিয়েছে আলাদা মাত্রা।
প্রথম প্রহরে দুই সন্তানকে নিয়ে কেক কাটা
জন্মদিনের প্রথম প্রহরে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে পাশে নিয়ে কেক কাটেন পরীমণি। লাল রঙের খোলা গাউনে জন্মদিন উদযাপনের সেই মুহূর্তের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। সন্তানদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের আগ্রহের বিষয় হয়ে ওঠে।
তারকাদের জন্মদিনে সাধারণত বড় আয়োজন, ঝলমলে সাজসজ্জা কিংবা বিনোদনজগতের বহু পরিচিত মুখের উপস্থিতি দেখা যায়। কিন্তু এবার পরীমণি বেছে নিয়েছেন অপেক্ষাকৃত ঘরোয়া ও ব্যক্তিগত পরিসর। আয়োজনের মূল আকর্ষণ ছিল শিউলি ফুল এবং আপনজনদের সঙ্গে সময় কাটানো।
শিউলি ফুলে সাজানো ‘শিউলি সন্ধ্যা’
শরতের শিউলি ফুল বাঙালির কাছে কেবল একটি ফুল নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ঋতুর সৌন্দর্য, স্মৃতি ও আবেগ। পরীমণির জন্মদিনের আয়োজনে সেই আবহই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
ভেন্যুর সিঁড়িতে বিছিয়ে রাখা হয়েছিল শিউলি ফুল। শাড়িতেও ছিল শিউলি ফুলের নকশা। সব মিলিয়ে আয়োজনটি পেয়েছিল প্রকৃতিনির্ভর, নান্দনিক ও কোমল একটি রূপ। প্রচলিত জন্মদিনের পার্টির চাকচিক্যের বদলে ফুলের সৌন্দর্য আর ব্যক্তিগত মুহূর্তকে প্রাধান্য দেওয়াই ছিল এ আয়োজনের বিশেষত্ব।
পরীমণি জানিয়েছেন, চট্টগ্রাম থেকে তাঁর এক শুভানুধ্যায়ী বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছিলেন। দূর থেকে পাঠানো এই ফুল জন্মদিনের আয়োজনের সঙ্গে যুক্ত করেছে বিশেষ আবেগের মাত্রা। একজন ভক্ত বা শুভানুধ্যায়ীর এমন উদ্যোগ তাঁর প্রতি ভালোবাসা ও আন্তরিকতারই প্রকাশ।
নানাকে হারানোর পর বদলে গেছে জন্মদিন উদযাপনের ধরন
পরীমণির এবারের জন্মদিনের আয়োজন বুঝতে হলে তাঁর ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথাও সামনে আসে। ২০২৩ সালে প্রিয় নানা শামসুল হক গাজীকে হারানোর পর জন্মদিন উদযাপনের বিষয়ে তাঁর আগের সেই আগ্রহ অনেকটাই বদলে যায়। শৈশবে নানার স্নেহে বেড়ে ওঠা পরীমণির জীবনে তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ।
একসময় পাঁচ তারকা হোটেল, জমকালো সাজসজ্জা, বিশেষ থিম ও তারকাদের উপস্থিতিতে জন্মদিন উদযাপন করতেন এই অভিনেত্রী। এখন সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং কাছের মানুষদের নিয়ে ব্যক্তিগত পরিসরে আনন্দ ভাগাভাগি করাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।
জন্মদিনে তাঁর চাওয়া শান্তি, প্রকৃত বন্ধুত্ব এবং এমন কিছু কাজ, যা তাঁকে মানুষের মনে বাঁচিয়ে রাখবে—এমন বক্তব্যও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
জন্মদিনে নতুন সিনেমা ‘ফারজানা’র ঘোষণা
এবারের জন্মদিনের আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে পরীমণির নতুন সিনেমা ‘ফারজানা’র ঘোষণা। অনুষ্ঠানে ছবিটির থিমও তুলে ধরা হয়েছে। ফলে ব্যক্তিগত উদযাপনের পাশাপাশি নতুন চলচ্চিত্র নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টিও আলোচনায় এসেছে।
নতুন ছবির নাম ঘোষণা পরীমণির অভিনয়জীবনের পরবর্তী পদক্ষেপ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে পারে। বিশেষ করে তাঁর অভিনীত আগের কিছু চলচ্চিত্রে ভিন্নধর্মী চরিত্রের উপস্থিতি দর্শকের কাছে তাঁকে নতুনভাবে পরিচিত করেছে। ‘ফারজানা’য় তিনি কী ধরনের চরিত্রে হাজির হবেন, সেটিই এখন দেখার বিষয়।
‘ভালোবাসা সীমাহীন’ থেকে ‘স্বপ্নজাল’: পরীমণির অভিনয়যাত্রা
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরীমণির।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল ছবিতে অভিনয় করে প্রশংসা পান পরীমণি। ছবিটিতে তাঁর অভিনয় গ্ল্যামারনির্ভর পরিচয়ের বাইরে অভিনয়শিল্পী হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ তৈরি করে।ছবিতে শুভ্রা চরিত্রে অভিনয় করে তিনি প্রশংসা পান। এই সিনেমায় পরীমনির বিপরীতে অভিনয় করেছিলেন ইয়াশ রোহান। এখানে গ্ল্যামারনির্ভর নায়িকার পরিচয়ের বাইরে চরিত্রের আবেগ, দ্বন্দ্ব ও সংকট তুলে ধরার সুযোগ পেয়েছিলেন। দর্শক ও সমালোচকদের কাছে ছবিটি তাঁকে নতুনভাবে পরিচিত করে। জন্মদিনের অনুষ্ঠানে গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করতে দেখা গেছে। তিনি উপস্থিত ছিলেন। আর্শীবাদ করেন পরীমনিকে।
নজরুল ইসলাম খানের ‘রানা প্লাজা’ ছবিতে অভিনয়ের খবরও তাঁকে আলোচনায় রাখে। তবে ছবিটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। মালেক আফসারি পরিচালিত ‘অন্তর জ্বালা’ ছবিতেও অভিনয় নিয়ে নিজের সন্তুষ্টির কথা বিভিন্ন সময়ে বলেছেন পরীমনি। তাঁর অভিনীত অন্য ছবির মধ্যে রয়েছে ওয়াজেদ আলী সুমনের ‘রক্ত’, চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’, আবু রায়হান জুয়েলের ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ ও অরন্য আনোয়ারের ‘মা’। এসব ছবিতে একেক ধরনের চরিত্রে তাঁকে পাওয়া গেছে। বিশেষ করে অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ ছবিতে সন্তান হারানো এক মায়ের চরিত্রে অভিনয় করেন পরী। চরিত্রটি তাঁর জন্য ছিল ভিন্ন ধরনের এক অভিজ্ঞতা।
পরীমনি সর্বশেষ অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ। এতে তার সঙ্গে আছেন ইমতিয়াজ বর্ষণ।