শিরোনাম
◈ ইরানের জনগণের অধিকার মেনে নিতে হবে যুক্তরাষ্ট্রকে, বন্ধ করতে হবে আগ্রাসন ও দাদাগিরি: প্রেসি‌ডেন্ট পে‌জেশ‌কিয়ান ◈ সৌদি আরব থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ শেষ মুহূর্তের গোলে বায়ার্নের মাঠে পয়েন্ট উদ্ধার আর্সেনালের ◈ এবার ইতা‌লির ক্লাব কোমোর কা‌ছে হারলো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ নেপাল প্রিমিয়ার লি‌গে শেখ মেহেদী, এক দলে খেল‌বেন ৪ বাংলাদেশি ক্রিকেটার ◈ ‘রোনাল্ডো ডুবিয়েছিলেন ইউনাইটেডকে, আমাকেও’ ◈ হাজার কোটি টাকার ইভিএম নিয়ে বিপাকে নির্বাচন কমিশন ◈ বিশ্বজুড়ে জ্বালানি সংকট, কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাকশিল্প : টাইম ◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪২ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২৬, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শরৎচন্দ্রের ‘স্বামী’ অবলম্বনে দেওয়ান নাজমুলের নতুন ছবি ‘শিশির ভেজা চোখ’: অভিনয়ে রাজরিপা, শিপন মিত্রসহ একঝাঁক শিল্পী

মনিরুল ইসলাম: বাংলা কথাসাহিত্যের কালজয়ী লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘স্বামী’ অবলম্বনে নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক দেওয়ান নাজমুল। ছবিটির নাম ‘শিশির ভেজা চোখ’। ইতোমধ্যে ঢাকা জেলার শ্রীনগরে শুরু হয়েছে চলচ্চিত্রটির শুটিং। বিরতির পর নতুন এই চলচ্চিত্রের মাধ্যমে নির্মাণকাজে ফিরেছেন পরিচালক। সাহিত্যনির্ভর এ ছবিতে ভালোবাসা, দাম্পত্য সম্পর্ক, নারীর মর্যাদা, আত্মোপলব্ধি ও মানবিক অনুভূতির গল্প তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তিনি।

‘শিশির ভেজা চোখ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাজরিপা, শিপন মিত্র, সাব্বির আহমেদ, বদ্দা মিঠু, শিবা শানু, শিরীন আলম, রেশমী, ববি, জ্যাকি, ফিরোজ আলম, নৈরিতা ও অধরা চৌধুরীসহ আরও অনেকে।

পুরোনো সাহিত্য, চিরন্তন মানবিক অনুভূতি

ছবিটি নির্মাণের পেছনে নিজের ভাবনা তুলে ধরে পরিচালক দেওয়ান নাজমুল বলেন, সাহিত্যকর্মটি অনেক পুরোনো হলেও মানুষের আবেগের কোনো পরিবর্তন হয়নি। আধুনিকতা ও ডিজিটাল প্রযুক্তির কারণে সমাজে বড় ধরনের রূপান্তর ঘটেছে, কিন্তু মানুষের শেকড় ও মৌলিক অনুভূতি বদলায়নি।

Advertisement

কেন শরৎচন্দ্রের ‘স্বামী’ গল্পটি চলচ্চিত্রের জন্য বেছে নিয়েছেন—এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, শরৎচন্দ্রের অন্যান্য লেখার তুলনায় ‘স্বামী’তেই তিনি লেখককে বেশি উপলব্ধি করেছেন। সেই উপলব্ধি থেকেই সাহিত্যকর্মটি চলচ্চিত্রে রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

দেওয়ান নাজমুল জানান, চলচ্চিত্র নির্মাণের সময় সিনেমার প্রয়োজনে কিছু পরিমার্জন করা হলেও শরৎচন্দ্রের মূল সাহিত্যভাবনা ও দর্শন অক্ষুণ্ন রাখার চেষ্টা করছেন তিনি। তাঁর মতে, ছবির প্রতিটি দৃশ্যেই লেখকের চিন্তা-চেতনা ও জীবনবোধের প্রতিফলন পাওয়া যাবে।

যে গল্পে ভালোবাসা, উপলব্ধি ও অনুশোচনা

‘শিশির ভেজা চোখ’-এর আখ্যান আবর্তিত হয়েছে মিনি, ঘনশ্যাম ও নরেনকে ঘিরে। ছোটবেলায় প্রেমের সম্পর্কে জড়ালেও মিনির বিয়ে হয় বয়সে বড় ও বিপত্নীক ঘনশ্যামের সঙ্গে। মন থেকে যাকে স্বামী হিসেবে মেনে নিতে পারেনি, তার সঙ্গে সংসার করতে গিয়ে প্রথমদিকে মানসিক দূরত্ব ও বিতৃষ্ণায় ভোগে মিনি।

অন্যদিকে ঘনশ্যামের শান্ত, সহিষ্ণু ও কর্তব্যপরায়ণ স্বভাব এবং মিনির প্রতি তাঁর ভালোবাসা সহজে বুঝতে পারে না সে। এরই মধ্যে মিনির পুরোনো প্রেমিক নরেনের আগমন গল্পে নতুন মোড় নিয়ে আসে। নরেনের হাত ধরে চলে যাওয়ার চেষ্টা করে মিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে উপলব্ধি করতে পারে ঘনশ্যামের নিঃস্বার্থ ভালোবাসা, দায়িত্ববোধ ও তার প্রতি দেখানো মর্যাদার প্রকৃত মূল্য।

একপর্যায়ে নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় আচ্ছন্ন হয় মিনি এবং ফিরে আসে ঘনশ্যামের কাছে। এভাবেই গল্পে দাম্পত্য সম্পর্কের জটিলতা, মানুষের মনস্তত্ত্ব, ভালোবাসার গভীরতা এবং নারীর মর্যাদার বিষয়গুলো উঠে এসেছে।

শরৎচন্দ্রের সাহিত্য কেন আজও প্রাসঙ্গিক

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কথাসাহিত্যের এমন একজন লেখক, যিনি সমাজের নিপীড়িত, দরিদ্র, অসহায় ও অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা গভীর সহানুভূতি ও মমতার সঙ্গে তুলে ধরেছেন। তাঁর লেখায় একদিকে যেমন রয়েছে সামাজিক অত্যাচার, কুসংস্কার ও অন্যায়-অবিচারের চিত্র, অন্যদিকে তেমনি রয়েছে নারীর প্রতি গভীর সংবেদনশীলতা।

নারীর আত্মমর্যাদা, সামাজিক অবস্থান, বিধবাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি, জাতিভেদ এবং প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তাঁর সাহিত্য বারবার প্রশ্ন তুলেছে। তাঁর রচনায় নারী চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা ও আত্মপরিচয়ের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

‘স্বামী’ অবলম্বনে নির্মিত ‘শিশির ভেজা চোখ’ ছবিতেও সেই মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করছেন পরিচালক দেওয়ান নাজমুল। তাঁর পরিকল্পনায়, সময়ের পরিবর্তনের মধ্যেও মানুষের ভালোবাসা, ভুল, অনুশোচনা ও সম্পর্কের টানাপোড়েন যে চিরকালীন—সেই সত্যই দর্শকের সামনে তুলে ধরা হবে।

‘শিশির ভেজা চোখ’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্য রচনা, সংলাপ সংযোজন এবং গীত রচনার দায়িত্বও পালন করছেন দেওয়ান নাজমুল। ছবিটির চিত্রগ্রহণ করছেন তপন আহমেদ। সংগীত পরিচালনায় রয়েছেন আলাউদ্দিন হক ও আলী আশরাফ।

চলচ্চিত্রটির সম্পাদনার দায়িত্বে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক মো. শহিদুল হক। এমপ্যাথী প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত এ ছবির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন মো. আলমগীর হোসেন।

নির্মাতা দেওয়ান নাজমুল এর আগে যৌথ প্রযোজনায় ‘সীমারেখা’ এবং নিজস্ব প্রযোজনায় ‘নাকফুল’ ও ‘তোরে কত ভালোবাসি’ চলচ্চিত্র নির্মাণ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি বেশ কিছু নাটকও নির্মাণ করেছেন তিনি। এবার শরৎচন্দ্রের সাহিত্যকর্মকে পর্দায় তুলে ধরে দর্শকদের সামনে ভিন্নধর্মী একটি গল্প উপস্থাপন করতে চান এই নির্মাতা।