মনিরুল ইসলাম: জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।
আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টার শপিং মলের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় গাড়িতে তিনি ছিলেন না।
আসিফ আকবর গুলির ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মগবাজারের বিশাল সেন্টার শপিং মলের সামনে পার্ক করা তার ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়।
ঘটনার সময় তিনি শপিং মলটির ওপরের তলায় নিজের অফিসে ছিলেন এবং গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন বলেও জানান এই সংগীতশিল্পী। গুলির শব্দ শুনে তাৎক্ষণিকভাবে নিচে নেমে আসেন আসিফ আকবর। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
তিনি আরও জানান, বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে একটি দল পাঠিয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় তিনি গাড়িতে ছিলেন না। ফলে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে কারা এ হামলা চালিয়েছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।
আসিফ আকবর বাংলাদেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের একজন। সংগীতের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও তাঁর পরিচিতি রয়েছে। তিনি অতীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।