খ্যাতিমান অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে অনেকে যখন শোকে কাতর; বর্ষীয়ান, গুণী এই শিল্পীকে নানাভাবে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় জানাতে ব্যস্ত– ঠিক সেই সময়ে সবাইকে চমকে দিয়েছে তনুশ্রী দত্তের একটি মন্তব্য। নানা পাটেকারের মুত্যুর খবর শুনে এই প্রাক্তন মিস ইন্ডিয়া ও অভিনেত্রী মন্তব্য করেছেন ‘শয়তানের মৃত্যু’ বলে। যা হতবাক করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে সিনে জগতের বাসিন্দাদের। যে কারণে তনুশ্রীর এই মন্তব্যের তীব্র নিন্দা কার্পণ্য করেননি সিনেমাপ্রেমীরা।
এ খবরের পাশাপাশি সংবাদ প্রতিদিনসহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, মৃত মানুষের উদ্দেশে তনুশ্রী দত্তের অসংবেদনশীল মন্তব্যের তীব্র নিন্দা করেছেন অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্যামলাল গুপ্ত।
এই অভিনেত্রীর আচরণের সমালোচনা করে কড়া বিবৃতি জারি করেছেন। সংগঠনের তরফে শ্যামলাল গুপ্তের তনুশ্রীকে ধিক্কার, “কিংবদন্তি নানা পাটেকারের প্রয়াণে তনুশ্রী দত্তের ইভিল ডেড মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।”
একই সঙ্গে শোকের আবহে তনুশ্রীর মন্তব্যকে সস্তা প্রচার বলেও কটূক্তি করেছেন শ্যামলাল গুপ্ত। অভিনয় জগতে নানা পাটেকারের অসামান্য অবদানের পাশাপাশি সমাজসেবামূলক কাজের কথাও স্মরণ করেছেন সংগঠনটি। পদ্মশ্রী সম্মান, কৃষক পরিবারের দুর্দশা লাঘবে ‘নাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে সাহায্যের হাত বাড়ানো এবং কারগিল যুদ্ধের সময় প্রয়াত অভিনেতার দেশের স্বার্থে তাঁর অবদানের স্মৃতিচারণা করে। নানা পাটেকারের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তনুশ্রী দত্তের বক্তব্যের ধরন নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘শোকের মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় তনুশ্রী দত্তের ইভিল ডেড শব্দবন্ধ ব্যবহার করে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অসংবেদনশীল ও লজ্জাজনক। এই মন্তব্যের তীব্র নিন্দা করছে সংগঠন।’
প্রসঙ্গত, ২০১৮ সালে তনুশ্রী দত্তের আনা ‘#মিটু’ অভিযোগে উত্তাল হয়েছিল বলিউডসহ পুরো ভারত। অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে শুটিং সেটে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। মুম্বাই নিবাসী এই বঙ্গকন্যার অভিযোগের ভিত্তিতেই সুদূর হলিউড থেকে আরবসাগরের তীরে মায়ানগরীতে আছড়ে পড়েছিল ‘#মিটু’ আন্দোলন। সে সময়ে অনেকে তনুশ্রীর বিস্ফোরক দাবিতে নানা পাটেকরকে ‘ভিলেন’ আখ্যা দিয়েছিলেন।
এবার সেই অভিনেতা যখন পরপারের উদ্দেশে রওনা হয়েছেন, তখন তনুশ্রী দত্তর প্রতিক্রিয়ার দিকেই নজর ছিল ভারতের বাসিন্দাদের। শেষমেশ অভিনেত্রী যখন মুখ খুলেছেন, তখন তাঁর প্রতিক্রিয়ায় স্তম্ভিত হয়ে গেছেন ভক্ত-অনুরাগীরা।