বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০০৭ সালে বিয়ের পর ২০১১ সালে তাদের সংসারে আসে কন্যাসন্তান আরাধ্যা বচ্চন। বর্তমানে আরাধ্যার বয়স ১৪ বছর। এর মধ্যেই ফের সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন অভিষেক-ঐশ্বরিয়া-এমন গুঞ্জন ছড়িয়েছে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
তবে এই গুঞ্জনের পেছনে নতুন কোনো ঘোষণা নয়, বরং কয়েক বছর আগের একটি মজার ভিডিও। রিতেশ দেশমুখের জনপ্রিয় অনুষ্ঠান ‘কেস তো বনতা হ্যায়’র পুরোনো একটি পর্বের ভিডিও সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে অভিষেক বচ্চনের সঙ্গে দ্বিতীয় সন্তান ও পারিবারিক বিষয় নিয়ে রসিকতায় মেতে উঠতে দেখা যায় রিতেশকে।
ভাইরাল ভিডিওতে অভিষেককে উদ্দেশ্য করে রিতেশ বলেন, ‘অমিতাভজি, ঐশ্বরিয়া, আরাধ্যা এবং আপনি অভিষেক-সবার নামই “এ” দিয়ে শুরু। তাহলে জয়া আন্টি ও শ্বেতা কি আলাদা কিছু করেছিলেন?’
রিতেশের এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন অভিষেক। জবাবে তিনি বলেন, ‘সেটা তো তাদেরই জিজ্ঞেস করতে হবে। তবে সম্ভবত এটি আমাদের পরিবারের একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে-অভিষেক, আরাধ্যা...।’
এরপরই রিতেশ মজার ছলে জানতে চান, ‘আর আরাধ্যার পর?’
রিতেশের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, ‘দেখা যাক, পরের প্রজন্ম আসলে তখন ভাবা যাবে।’
অভিষেকের এমন উত্তরে থেমে থাকেননি রিতেশ। নিজের দুই ছেলে রিয়ানের ও রাহিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এত অপেক্ষা কেউ করে? আমায় দেখুন, রিতেশ, রিয়ান, রাহিল।’
রিতেশের এমন রসিকতায় কিছুটা অপ্রস্তুত হয়ে হাসতে দেখা যায় অভিষেককে। এরপর মজা করে অভিনেতাকে বলেন, ‘বয়সের একটু তো খাতির করো, রিতেশ। আমি তোমার থেকে বড়।’
পুরোনো এই ভিডিওটিই সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে অভিষেকের ‘পরের প্রজন্ম’ মন্তব্যকে ঘিরে কেউ কেউ তার ও ঐশ্বরিয়ার দ্বিতীয় সন্তান নেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনা করছেন।
তবে ভিডিওটি পুরোনো এবং পুরো কথোপকথনটিই ছিল হাসি-ঠাট্টার ছলে। অভিষেক-ঐশ্বরিয়ার দ্বিতীয় সন্তান নেওয়ার বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে ভাইরাল ভিডিও থেকে নতুন করে ছড়ানো এই আলোচনা আপাতত জল্পনা-কল্পনাতেই সীমাবদ্ধ।