শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। দীর্ঘ সময় যানজটে আটকে থাকা একটি অ্যাম্বুলেন্সে আমিরুন্নেছা নামে হৃদ্রোগে আক্রান্ত এক নারী রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা। তাঁদের অভিযোগ, যানজটের কারণে সময়মতো তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা আমিরুন্নেছা শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হন। রাত আটটার দিকে তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা করা হয়। রাত ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। প্রায় চার ঘণ্টা পর রাত তিনটার দিকে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয় বলে জানান স্বজন তারেক আল হাসান।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আমিরুন্নেছা নামে কোনো রোগী
হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন—এমন তথ্য তাঁর জানা নেই।
শুক্রবার সকাল আটটার দিকে সোনারগাঁয়ের আশারিয়ারচর এলাকায় ঢাকামুখী লেনে সড়ক সংস্কারের কাজ শুরু হয়। এ সময় মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় যান চলাচল ব্যাহত হয় এবং ধীরে ধীরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানজটের প্রভাব ছিল। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, আশারিয়ারচর সেতু এলাকায় সড়ক সংস্কারের জন্য মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় দীর্ঘ যানজট
সৃষ্টি হয়েছিল।
তবে বর্তমানে যানজট স্থায়ী হচ্ছে না এবং কুমিল্লা অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে
জানান তিনি।